কলেজছাত্রীর লাশ উদ্ধারের ঘটনায় যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল শহরের একটি আবাসিক হোটেল থেকে কলেজছাত্রীর লাশ উদ্ধারের ঘটনায় সায়েম আলম ওরফে মিমু নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাজধানীর মগবাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে বরিশাল কোতোয়ালি মডেল থানা-পুলিশ।
গতকাল মঙ্গলবার দুপুরে নগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই তথ্য জানান বরিশাল মহানগর পুলিশ কমিশনার এস এম রুহুল আমিন।
১০ আগস্ট কলেজছাত্রী নাঈমা ইব্রাহিম ঈশীকে বরিশাল শহরের ফলপট্টির একটি আবাসিক হোটেলে নিয়ে যান সায়েম। সেখানে একটি কক্ষে তাঁকে ধর্ষণের পর তাঁর স্বর্ণালংকার ও মুঠোফোন নিয়ে পালিয়ে যান তিনি। পরে হোটেল কক্ষ থেকে বৈদ্যুতিক পাখার সঙ্গে ঝুলন্ত অবস্থায় নাঈমার লাশ উদ্ধার করে পুলিশ।
সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেছেন নাঈমা। তিনি শহরের গোরস্তান রোড এলাকার গ্রামীণ ব্যাংক কর্মকর্তা ইব্রাহীম খলিলের মেয়ে।
গতকাল সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার এস এম রুহুল আমিন বলেন, ফেসবুকের মাধ্যমে সায়েমের সঙ্গে নাঈমার পরিচয়। পরে মুঠোফোনে তাঁদের সম্পর্ক গভীর হয়। নাঈমার সঙ্গে দেখা করতে ৯ আগস্ট বরিশাল শহরে আসেন সায়েম। তিনি ওই দিন নাঈমাকে নিয়ে দুর্গাসাগরে বেড়াতে যান। পরদিন হোটেলে নিয়ে করেন ধর্ষণ।