কলেজছাত্রীর শরীরে জখমের চিহ্ন রয়েছে
সিরাজগঞ্জের কাজীপুরের সেই কলেজছাত্রীর শরীরে জখমের চিহ্ন পাওয়া গেছে। সিরাজগঞ্জ সিভিল সার্জনের কার্যালয়ের পরীক্ষায় এটি প্রমাণিত হয়েছে। গতকাল বুধবার স্বাস্থ্যপরীক্ষার প্রতিবেদনটি সিরাজগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে দাখিল করা হয়েছে। থানা হেফাজতে ছয় দিন রেখে শারীরিক নির্যাতন করা হয়েছে বলে মেয়েটি আদালতে অভিযোগ করেছিল।
সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, আদালতের নির্দেশ অনুযায়ী মেয়েটির স্বাস্থ্যপরীক্ষার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক আনজুমান আরাকে দায়িত্ব দেওয়া হয়। গত মঙ্গলবার রাতে স্বাস্থ্যপরীক্ষা সম্পন্ন করে সিভিল সার্জন কার্যালয়ে একটি প্রতিবেদন দাখিল করা হয়। প্রতিবেদনে তার বাহু, কোমরের নিচেসহ চারটি স্থানে জখমের চিহ্ন উল্লেখ করা হয়েছে।
সিরাজগঞ্জের সিভিল সার্জন মোহাম্মদ শামসুদ্দীন বলেন, স্বাস্থ্যপরীক্ষার প্রতিবেদনটি আদালতে পাঠানো হয়েছে।
কাজীপুরের একটি কলেজের একাদশ শ্রেণির ওই ছাত্রীকে এলাকার একটি হত্যা মামলায় জড়িত সন্দেহে কাজীপুর থানা-পুলিশ আটক করে। আদালতে জবানবন্দি দেওয়ার সময় মেয়েটি অভিযোগ করে, ওসি আবদুল জলিল ও থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রাজ্জাক তাঁকে থানা হেফাজতে শারীরিকভাবে নির্যাতন করেছেন।
জ্যেষ্ঠ বিচারিক হাকিম রুবিনা পারভীন ওই ছাত্রীর শারীরিক পরীক্ষা করে আদালতে প্রতিবেদন দাখিল করতে সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশ দেন। এ ঘটনা জানাজানি হলে মেয়েটির স্বজনেরা আদালত চত্বরে পুলিশের ওপর চড়াও হন।