কলেজছাত্রীর শোবার ঘরে 'অ্যাসিড' নিক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদীতে কলেজছাত্রীর শোবার ঘরে ‘অ্যাসিড’ নিক্ষেপের অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাতে এ ঘটনা ঘটে। তবে ওই সময় ছাত্রীটি অন্য ঘরে থাকায় তাঁর কোনো ক্ষতি হয়নি।

এ ঘটনায় শনিবার রাতেই ওই ছাত্রীর বাবা একজনের নাম উল্লেখ করে ঈশ্বরদী থানায় একটি অভিযোগপত্র জমা দেন।

ছাত্রীর অভিযোগ, একই গ্রামের আমিরুল সরদার দীর্ঘদিন ধরে তাঁকে উত্ত্যক্ত করে আসছেন। বিভিন্ন সময় তাঁকে বাজে প্রস্তাব দেন। তাঁর ধারণা, প্রস্তাবে সাড়া না দেওয়ায় আমিরুল তাঁর ওপর অ্যাসিড নিক্ষেপের পরিকল্পনা করেন। তবে সৌভাগ্যবশত তিনি বেঁচে গেছেন।

ছাত্রী জানান, বাড়ির ওই ঘরে তিনি লেখাপড়া করতেন ও রাতে ঘুমাতেন। শনিবার রাতে তিনি অন্য ঘরে ছিলেন। রোববার সকালে ঘুম থেকে উঠে দেখেন তাঁর ঘরে বিছানার চাদর ও জামা-কাপড়ের বিভিন্ন অংশ পুড়ে গেছে। ঘরের ভেতরে ‘অ্যাসিডের’ পানি ছড়িয়ে-ছিটিয়ে আছে। পরে স্থানীয় এক স্বর্ণকারকে ডেকে এনে নিশ্চিত হন এটি অ্যাসিড ছিল। ছাত্রীর মায়ের অভিযোগ, দীর্ঘদিন থেকে আমিরুল তাঁর মেয়েকে উত্ত্যক্ত করতেন। মাঝেমধ্যে জানালা দিয়ে চিঠি ফেলে রাখতেন। বিষয়টি আমিরুলের অভিভাবককে জানালেও কোনো ব্যবস্থা নেয়নি তাঁর পরিবার। আমিরুল ক্ষিপ্ত হয়ে ক্ষতিসাধনের জন্যই অ্যাসিড নিক্ষেপ করেছেন।

ঘটনার পর আজ রোববার সকালে স্থানীয় ইউপি চেয়ারম্যান ওই ছাত্রীর বাড়িতে যান। এ সময় পরিবারের সদস্যরা ছাত্রীর কক্ষের ভেতরে অ্যাসিড নিক্ষেপে ব্যবহৃত একটি সিরিঞ্জ ও জানালার পাশে পড়ে থাকা একটি কাচের বোতল উদ্ধার করে চেয়ারম্যানকে দেখালে এ বিষয়ে আইনগত সহায়তার আশ্বাস দেন তিনি।

বিষয়টি জানতে আমিরুল সরদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি ওই ছাত্রীকে কখনো বিরক্ত করতেন না। তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই তালুকদার জানান, সন্ধ্যায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে তিনি বিষয়টি জেনেছেন। তাৎক্ষণিকভাবে তিনি নিজেই ঘটনাস্থলে তদন্তে যান।