কলেজছাত্রীর শ্লীলতাহানি, চিকিৎসকের কারাদণ্ড
নোয়াখালীর চাটখিল উপজেলায় এক কলেজছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে আবদুর রহমান (২৫) নামের এক দন্তচিকিৎসককে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার এ দণ্ডাদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, গতকাল শনিবার বেলা এগারোটার দিকে ওই কলেজছাত্রী (১৮) তাঁর বাবা-মাকে নিয়ে দাঁত তোলার জন্য চাটখিল পৌর শহরের একটি ক্লিনিকে যান। ক্লিনিকের চিকিৎসক আবদুর রহমান দাঁত তোলার পর ওই ছাত্রীকে তাঁর ব্যক্তিগত কক্ষে নিয়ে যান। এ সময় ওই ছাত্রীর মা সঙ্গে যেতে চাইলে তিনি বাধা দেন।
সূত্র জানায়, চিকিৎসক আবদুর রহমান ওই ছাত্রীকে তাঁর কক্ষে নিয়ে শ্লীলতাহানি করে। একপর্যায়ে ওই ছাত্রী কক্ষ থেকে বেরিয়ে আসেন এবং তাঁর বাবা-মাকে ঘটনাটি জানান। পরে ওই ছাত্রী বাদী হয়ে চাটখিল থানায় লিখিত অভিযোগ করলে শনিবার রাতে পুলিশ চিকিৎসক আবদুর রহমানকে আটক করে। আজ রোববার দুপুরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে দোষ স্বীকারের পর নির্বাহী হাকিম মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার অভিযুক্ত দন্তচিকিৎসকের বিরুদ্ধে চার মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। পরে বিকেলে দণ্ডপ্রাপ্ত চিকিৎসককে থানা-পুলিশের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।
নির্বাহী হাকিম মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার প্রথম আলোকে বলেন, ‘ওই চিকিৎসকের বিরুদ্ধে এর আগেও নারী রোগীদের সঙ্গে এমন আচরণের অভিযোগ শোনা গিয়েছিল। শনিবারের ঘটনার পর আজ তাঁকে আদালতে হাজিরের পর তিনি নিজের দোষ স্বীকার করেন। এ জন্য তাঁকে চার মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।’