কলেজছাত্রীর 'আপত্তিকর ছবি' তৈরি করে চাঁদা দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগতিতে কলেজছাত্রীর ‘আপত্তিকর ছবি’ তৈরি করে পরিবারের সদস্যদের কাছে চাঁদা দাবির অভিযোগে গত মঙ্গলবার রাতে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা গতকাল বুধবার রামগতি থানায় তথ্যপ্রযুক্তি আইনে মামলা করেছেন।
গ্রেপ্তার দুজন হলেন রামগতি পৌরসভার শিক্ষাগ্রাম এলাকার মো. সোলায়মান (১৮) ও রামগতি উপজেলার চরপোড়াগাছা গুচ্ছগ্রামের মো. জসীম উদ্দিন (২৮)। জসীমের গুচ্ছগ্রাম বাজারে আরাফাত টেলিকম নামের একটি দোকান আছে।
মামলার বাদী বলেন, তাঁর মেয়ে উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষে পড়াশোনা করে। ১৯ মার্চ তাঁর বসতঘরের জানালা দিয়ে কেউ একটি চিঠি ও একটি মেমোরি কার্ড রেখে যায়। পরে মুঠোফোনে তাঁকে বলা হয়, ওই মেমোরি কার্ডে তাঁর মেয়ের আপত্তিকর ছবি আছে। ওই সময় তাঁর কাছে ৪০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা না দিলে তাঁর মেয়ের আপত্তিকর ছবি ফেসবুক ও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। ২২ মার্চ তিনি এই ঘটনায় রামগতি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জানান, অভিযোগ পেয়ে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট তিনজনকে শনাক্ত করা হয়। পরে মঙ্গলবার রাতে সোলায়মান ও জসীমকে আটক করা হয়। এ ঘটনায় কলেজছাত্রীর বাবা বুধবার সোলায়মান, জসীমসহ তিনজনকে আসামি করে তথ্যপ্রযুক্তি আইনে থানায় মামলা করেছেন। ওই মামলায় ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার দেখানো হয়েছে।