কলেজছাত্রীসহ ছয়জন খুন
দিনাজপুরের বীরগঞ্জে কলেজছাত্রীকে পুড়িয়ে ও ইটের আঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। নওগাঁর রানীনগরে বিবদমান জমি দখলকে কেন্দ্র করে আওয়ামী লীগের স্থানীয় এক কর্মী খুন হয়েছেন। এ ছাড়া গাইবান্ধায় দুজন, পাবনায় একজন ও নওগাঁর নিয়ামতপুরে আদিবাসী এক কিশোরী খুন হয়েছে। গত পাঁচ দিনে এসব ঘটনা ঘটেছে।
আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
দিনাজপুর: গত বৃহস্পতিবার রাতে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার আমতলী গ্রামে রুমানা আকতার (১৯) নামে এক কলেজছাত্রীকে পুড়িয়ে ও ইট দিয়ে আঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রুমানা আকতারের বাবা মো. আবদুল মালেক (৫৪) জানান, তাঁদের বাড়ি উপজেলার বড় শীতলাই গ্রামে। রুমানা আকতার ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার হলদিবাড়ী কারিগরি কলেজের সম্মান প্রথম বর্ষের ছাত্রী। সপ্তাহে দুই দিন ক্লাস থাকে। বাড়ি থেকেই কলেজে যাতায়াত করেন। বৃহস্পতিবার বিকেলে দাঁতের চিকিৎসার জন্য রুমানা একা বাড়ি থেকে বীরগঞ্জ শহরের উদ্দেশে বেরিয়ে আর ফেরেননি। রাত নয়টার দিকে মুঠোফোনে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে এসে মেয়ের মরদেহ শনাক্ত করেন।
বীরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. বেলাল হোসেন বলেন, ঈদের আগের দিন শুক্রবার দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে আবদুল মালেকের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আবদুল মালেক বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন।
থানা-পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বৃহস্পতিবার রাত আটটার দিকে উপজেলার নওগাঁ নাপিতপাড়া নামক স্থানে এ হত্যাকাণ্ড ঘটেছে। দুর্বৃত্তরা মেয়েটির পরনের কাপড়ে আগুন ধরিয়ে দিলে দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় পেছন থেকে দুর্বৃত্তরা তাঁর গলায় হাঁসুয়া দিয়ে কোপ মারলে মেয়েটি পড়ে যান। সঙ্গে সঙ্গে দুর্বৃত্তরা মেয়েটির মাথা ও মুখ ইট দিয়ে থেঁতলে দিয়ে মৃত্যু নিশ্চিত করে চলে যায়। পুলিশ মেয়েটির ভ্যানিটি ব্যাগে থাকা ডায়েরি থেকে তাঁর পরিচয় ও মুঠোফোন নম্বর সংগ্রহ করে তাঁর বাবাকে ফোনে মেয়ের মৃত্যুর সংবাদ জানায়।
আদমদীঘি (বগুড়া): নওগাঁর রানীনগর বিবদমান জমি দখলকে কেন্দ্র করে আমজাদ হোসেন (৩৫) নামে আওয়ামী লীগের এক কর্মী খুন হয়েছেন। গত রোববার উপজেলার বোঁহার গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আমজাদ হোসেনের স্ত্রী বাদী হয়ে রানীনগর থানায় ৩৭ জনকে আসামি করে হত্যা মামলা করেন। পুলিশ পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে।
বোঁহার গ্রামের আমজাদ হোসেনের সঙ্গে একই গ্রামের জামায়াত-সমর্থক মোজাফ্ফর হোসেনের দীর্ঘদিন ধরে ২৫ শতক জমি নিয়ে বিরোধ চলে আসছিল। রোববার সকাল আটটার দিকে আমজাদ হোসেন জমিতে হালচাষ করতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে এ ঘটনা ঘটে। সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হন।
গাইবান্ধা: গোবিন্দগঞ্জ থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, সোমবার সকাল ১০টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের বৈঠাখালী এলাকায় একটি ইউক্যালিপটাসগাছের বাগানে অজ্ঞাত এক যুবকের (৩০) মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেন। পূর্বশত্রুতার জের ধরে দুর্বৃত্তরা গলাটিপে হত্যার পর রোববার রাতে লাশ ফেলে রেখে যায় বলে ধারণা করা হচ্ছে।
এ ছাড়া শুক্রবার দিবাগত রাত সাড়ে আটটার দিকে গাইবান্ধা শহরের মহুরিপাড়া এলাকায় ছোট ভাই রাহুল মিয়ার ছুরিকাঘাতে বড় ভাই রায়হান মিয়া (২৮) নিহত হন। রায়হান মিয়া শহরের সরকারপাড়া এলাকার নেহাল মিয়ার ছেলে। শুক্রবার রাতে বাড়িভাড়া ও অটোরিকশা বিক্রির টাকা ভাগ-বাঁটোয়ারা নিয়ে দুই ভাইয়ের মধ্যে বাগ্বিতণ্ডার একপর্যায়ে এ ঘটনা ঘটে।
পাবনা: সদর উপজেলার দক্ষিণ মাছিমপুর গ্রামে শিশুদের জুয়া খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারধরে মুনছের আলী (৪৭) নামের এক ব্যক্তি রোববার নিহত হয়েছেন। নিহত মুনছের আলীর ছেলে সোহেল রানা (১৫) তার বন্ধুদের সঙ্গে পাঁচ টাকার কয়েন দিয়ে জুয়া খেলছিল। গ্রামের আজগর আলী তাদের জুয়া খেলায় বাধা দেন। এ নিয়ে সংঘর্ষ হয়।
নওগাঁ: শুক্রবার নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের আহারকান্দর লিটুপাড়া গ্রামের চঞ্চলা পাহান (১৫) নামের এক আদিবাসী কিশোরীর মরদেহ নিজ বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। চঞ্চলা ওই গ্রামের পচা মুড়িয়ারি পাহানের মেয়ে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মুকুল বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িত সন্দেহে চঞ্চলার বোন জামাই সুরেন মাঝিকে আটক করা হয়েছে।