কলেজছাত্রীসহ দুজনের অস্বাভাবিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে গত দুই দিনে পৃথক ঘটনায় কলেজছাত্রীসহ দুজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তাঁদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গতকাল শুক্রবার রাতে অচেতন অবস্থায় ঋতু (২১) নামের এক কলেজছাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন স্বজনেরা। তখন কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। স্বজনেরা জানান, ঋতু পরিবারের সঙ্গে যাত্রাবাড়ীর নয়ানগরে থাকতেন। তিনি ডেমরার একটি কলেজ থেকে এবার উচ্চমাধ্যমিক পাস করেছেন। গতকাল রাত সাড়ে আটটার দিকে পরিবারের লোকজন দরজা ভেঙে দেখেন, গলায় ওড়না পেঁচিয়ে তিনি ফ্যানের সঙ্গে ঝুলছেন। তাঁকে নামিয়ে দ্রুত হাসপাতালে নিয়ে আসেন তাঁরা।
ঋতুর ভগ্নিপতি শফিউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘কী কারণে এ ঘটনা, তা আমরা বুঝতে পারছি না। পারিবারিক কোনো সমস্যাও ছিল না।’
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর কর বলেন, ঘটনা জেনে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।
এদিকে বৃহস্পতিবার রাত ১০টার দিকে খিলক্ষেতের পূর্ব নামাপাড়ার বাসা থেকে রাজমিস্ত্রি আলমগীরের ঝুলন্ত লাশ উদ্ধার করে খিলক্ষেত থানার পুলিশ। ওই থানার এসআই একরামুল হক সাংবাদিকদের জানান, আলমগীর মাদকাসক্ত ছিলেন। মাদক সেবনে নিষেধ করায় স্ত্রীর সঙ্গে তাঁর প্রায়ই ঝগড়া হতো। বৃহস্পতিবার রাতে এ নিয়ে ঝগড়ার জেরে তিনি আত্মহত্যা করেন। আলমগীরের গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলপুরে। তাঁর বাবার নাম ফজর আলী। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।