রাজধানীতে গতকাল মঙ্গলবার লাবিব আল হাদিব নামের এক কলেজছাত্রের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। সে আদমজী ক্যান্টনমেন্ট কলেজের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র ছিল।
পরিবারের অভিযোগ, লাবিবের সঙ্গে একটি মেয়ের সম্পর্ক ছিল। এতে বাধা দেওয়ায় ওই মেয়ের ভাড়াটে লোকজন লাবিব ও তার মা-বাবাকে পেটায়। এই অপমান সইতে না পেরে ফাঁস লাগিয়ে লাবিব আত্মহত্যা করেছে।
পুলিশ বলেছে, লাবিবের পরিবার এই ঘটনায় অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ ও লাবিবের পারিবারিক সূত্র জানায়, লাবিব তাঁর মা-বাবার সঙ্গে মিরপুর ১২ নম্বর সেকশনের একটি বাড়িতে থাকতো। গতকাল ভোরে লাবিবকে ডাকতে যান তাঁর বাবা আনিসুল ইসলাম। এ সময় লাবিবের কোনো সাড়াশব্দ না পেয়ে চাবি দিয়ে তালা খুলে ভেতরে ঢুকে তাঁকে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলতে দেখেন। দ্রুত তাকে নামিয়ে গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) মো. সেলিম রেজা লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। এতে বলা হয়, লাবিবের গলার নিচে কালো দাগ রয়েছে। লাশের ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
লাবিবের বাবা প্রথম আলোকে বলেন, ছয় মাস আগে ফেসবুকের মাধ্যমে একটি মেয়ের সঙ্গে লাবিবের সম্পর্ক হয়। মেয়েটি উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষে পড়ে। বিষয়টি জানতে পেরে তিনি তাদের এই পথ থেকে সরে গিয়ে পড়াশোনা করার পরামর্শ দেন। কিছুদিন তাদের মধ্যে যোগাযোগ বন্ধ ছিল। পরে মেয়েটি আবার লাবিবের সঙ্গে যোগাযোগ শুরু করে। এ ব্যাপারে তিনি মেয়েটির সঙ্গে কথা বলতে চাইলে সে (মেয়েটি) তাঁকে তাদের শান্তিনগরের বাসায় যেতে বলে। গত সোমবার রাতে তিনি, তাঁর স্ত্রী, লাবিব ও কয়েকজন স্বজন ওই বাসায় যান। একপর্যায়ে মেয়েটির উপস্থিতিতে ১৫-২০ জন যুবক তাঁদের মারধর করেন। সেখান থেকে সবাই ফিরে আসেন এবং লাবিবকে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা করিয়ে বাসায় নিয়ে আসেন।
লাবিবের বাবা বলেন, মারধরের অপমান সইতে না পেরে লাবিব আত্মহত্যা করেছে।
পল্লবী থানার ওসি দাদন ফকির প্রথম আলোকে বলেন, লাবিবের লাশ দাফনের জন্য স্বজনেরা মুন্সিগঞ্জে গেছেন। তাঁরা ফিরে এসে অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
লালমাটিয়া কলেজের ছাদ থেকে পড়ে ছাত্রীর মৃত্যু
লালমাটিয়া মহিলা কলেজের একাডেমিক ভবনের ছাদ থেকে পড়ে গতকাল মঙ্গলবার সকালে শায়লা হোসেন নামের এক ছাত্রী মারা গেছেন। তিনি ওই কলেজের মার্কেটিং বিভাগের তৃতীয় বর্ষে পড়তেন।
মোহাম্মদপুর থানার পুলিশ জানায়, শায়লা মা-বাবার সঙ্গে তুরাগ থানার দলিপাড়ায় থাকতেন। গতকাল সকালে তিনি পরীক্ষায় অংশ নিতে কলেজে যান। বেলা ১১টার দিকে তিনি কলেজ ভবনের চতুর্থ তলার ছাদ থেকে লাফিয়ে পড়ে আহত হন। মোহাম্মদপুর সিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য শায়লার লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মোহাম্মদপুর থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
শায়লার বোন সাহিদা পারভীন প্রথম আলোকে বলেন, শায়লা মানসিকভাবে অসুস্থ ছিলেন।
মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলাম বলেন, মানসিকভাবে অসুস্থ থাকায় শায়লা দীর্ঘদিন কলেজে আসছিলেন না। গতকাল সকালে সেমিস্টার পরীক্ষা দেওয়ানোর জন্য মা তাঁকে সঙ্গে করে নিয়ে আসেন। তাঁর মা কলেজের বাইরে অপেক্ষা করছিলেন। এক ফাঁকে শায়লা চতুর্থ তলার ছাদ থেকে নিচে লাফিয়ে পড়েন।