কলেজছাত্রের কোমরে এক কেজি সোনা
যশোরের বেনাপোল বন্দর থানার পুটখালী সীমান্তে এক কলেজছাত্রের কোমর থেকে সোনার ১০টি বার (এক কেজি) উদ্ধার হয়েছে। তাঁর নাম রিপন হোসেন। বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) জানায়, ওই সোনা ভারতে নিয়ে যাচ্ছিল রিপন।
আটক রিপন হোসেন যশোর সদর উপজেলার ডুমদিয়া গ্রামের কামাল আলীর ছেলে। সে বেনাপোল ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
বিজিবি পুটখালী ক্যাম্পের সুবেদার মো. আবুল হোসেন প্রথম আলোকে বলেন, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে রিপন হোসেন একটি ইজিবাইকে করে পুটখালি মসজিদ চেকপোস্টে নামেন। তাঁর গতিবিধি সন্দেহজনক হওয়ায় বিজিবি সদস্যরা তাঁকে থামিয়ে তাঁকে তল্লাশি করেন। তাঁর কোমরে প্যান্টের বেল্টের নিচে বিশেষ কায়দায় স্কচটেপ দিয়ে মোড়ানো পাঁচটি প্যাকেট উদ্ধার করেন তাঁরা। প্রতিটি প্যাকেটে দুটি করে সোনার মোট ১০টি বার ছিল। উদ্ধার করা সোনার ওজন ১ কেজি।
সোনা পাচারের ঘটনায় রিপনের বিরুদ্ধে বেনাপোল বন্দর থানায় মামলার প্রস্তুতি চলছে। উদ্ধার করা সোনা বাংলাদেশ ব্যাংকের ট্রেজারিতে জমা দেওয়া হবে বলে জানান ক্যাম্পের সুবেদার মো. আবুল হোসেন।