কলেজছাত্রের গলা কাটা লাশ উদ্ধার
ফরিদপুরের সালথায় আবু তালেব (২০) নামের এক কলেজছাত্রের গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার বেলা দুইটার দিকে উপজেলার বল্লভদী ইউনিয়নের রায় বল্লভদী গ্রামের মালডাঙ্গীর বিলপাড় থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
আবু তালেব বল্লভদী ইউনিয়নের ভর বল্লভদী গ্রামের বাকা ফকিরের ছেলে। তিনি মুকসুদপুর ডিগ্রি কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
পরিবারের সদস্যরা জানান, গত শনিবার রাতে পার্শ্ববর্তী নগরকান্দা উপজেলার গজারিয়া এলাকায় ওয়াজ মাহফিলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন আবু তালেব।
রাতে তিনি আর বাড়ি ফেরেননি। গতকাল সকালে রায় বল্লভদী গ্রামের মালডাঙ্গীর বিলপাড়ে আবু তালেবের গলা কাটা লাশ দেখতে পান কয়েকজন শ্রমিক। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। সালথা থানার উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান বলেন, নিহত আবু তালেবের গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
সালথা থানার ওসি ডি এম বেলায়েত হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।