ছোট ভাইয়ের হাতে বড়ভাই খুন
চট্টগ্রামে কলেজছাত্র রায়হান চৌধুরীর (১৮) ছুরির আঘাতে মারা গেছেন বড় ভাই স্থপতি সোহেল চৌধুরী (৪২)। আজ রোববার সকাল সাড়ে নয়টায় নগরের কোতোয়ালি থানার রায়েয়া রহমান লেনের একটি বাসায় এ হত্যাকাণ্ড ঘটে।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ প্রথম আলোকে বলেন, তুচ্ছ ঘটনার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে। রায়হানকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
নিহতের পরিবারের সদস্যদের উদ্ধৃতি দিয়ে নূর মোহাম্মদ বলেন, রায়হান চৌধুরী নগরের একটি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। নিয়মিত কলেজে না যাওয়ার কারণে বড় ভাই সোহেল চৌধুরী গতকাল শনিবার রাতে ছোট ভাইকে বকাঝকা করেন। সকালে কলেজে যাওয়ার জন্য ছোট ভাইকে ঘুম থেকে ডেকে তোলেন। এতে ক্ষিপ্ত হয়ে ছোট ভাই বড়ভাইয়ের ওপর চড়াও হন এবং একপর্যায়ে ঘরের দরজা বন্ধ করে তাঁকে ছুরিকাঘাত করেন। চিৎকার শুনে পরিবারের অন্য সদস্যরা দৌড়ে আসেন। এ সময় দরজা খুলেই রায়হান পালিয়ে যান। রক্তাক্ত অবস্থায় শোওয়ার ঘরের মেঝেতে পড়ে থাকেন সোহেল চৌধুরী। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত সোহেল চৌধুরী একটি বেসরকারি প্রতিষ্ঠানে প্রকৌশলী হিসেবে কাজ করতেন।
পুলিশের ভাষ্য, নিহতের বুকে ও মাথায় ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। বিকেল চারটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। লাশের ময়নাতদন্ত চলছিল।