কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

মাদারীপুরের কালকিনি উপজেলায় আমগাছ থেকে এক কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মায়ের দাবি, বাবা তাকে হত্যা করে ঝুলিয়ে দিয়েছেন। প্রতিবেশীরা বলছে, মা-বাবার বিরোধের জের ধরে কলেজছাত্রের মৃত্যু হতে পারে। এদিকে ঘটনাটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর বোঝা যাবে বলে জানিয়েছে পুলিশ। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের রাজারচর গ্রাম থেকে ওই কলেজছাত্রের লাশ উদ্ধার করে পুলিশ।
মৃত কলেজছাত্রের নাম প্রহ্লাদ মণ্ডল (১৭)। সে কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিল। সে হরিহর মণ্ডল ও প্রমীলা মণ্ডলের ছেলে। ঘটনার পর থেকে প্রহ্লাদের বাবা পলাতক আছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কয়েক বছর ধরে হরিহর মণ্ডল ও তাঁর স্ত্রী প্রমীলা মণ্ডলের বিরোধ চরমে ওঠে। হরিহর মণ্ডল স্ত্রীকে নির্যাতন করতেন। প্রহ্লাদের মা একবার বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে যৌতুক ও নির্যাতনের মামলাও করেছিলেন। আদালতে মামলাটি নিষ্পত্তি হলে হরিহর স্ত্রী প্রমীলাকে না জানিয়ে দুই বছর আগে আরেকটি বিয়ে করেন। দ্বিতীয় বিয়ের পর থেকে জায়গা-জমি নিয়ে দুজনের বিরোধ শুরু হয়। এরই জের ধরে গতকাল শুক্রবার রাতে স্ত্রী ও ছেলের সঙ্গে তর্ক হয় হরিহরের। প্রমীলাকে তিনি মারধরও করেন। নিকট আত্মীয়দের বিষয়টি জানাতে ওই রাতেই ছেলেকে বাসায় রেখে মাদারীপুর সদরে ছুটে যান প্রমীলা।
প্রহ্লাদের মা প্রমীলা মণ্ডল অভিযোগ করেন, তিনি এক রাত বাসায় ছিলেন না। সেই সুযোগে তাঁকে একা করতেই ষড়যন্ত্রমূলকভাবে ছেলেকে তাঁর জীবন থেকে সরিয়ে দিয়েছেন স্বামী হরিহর মণ্ডল।
তিনি আহাজারি করে বলেন, ‘সাংসারিক বিষয় ও জমিজমা নিয়ে ওর বাবার সঙ্গে আমার বিরোধ। কিন্তু আমার ছেলে এখানে কি দোষ করেছে। আমার ছেলে ভালো ছাত্র ছিল। কত স্বপ্ন ছিল ছেলেকে নিয়ে। এই বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা দিত। কিন্তু কী থেকে কী হয়ে গেল। আমি আমার সন্তান হত্যার বিচার চাই।’
এদিকে প্রহ্লাদের বাবা হরিহরের মুঠোফোনে একাধিকবার ফোন দিয়ে তা বন্ধ পাওয়া গেছে।
নাম প্রকাশ না করার শর্তে এক প্রতিবেশী বলেন, ঘটনার পর পুলিশ ও স্থানীয় লোকজনের চাপে পড়ে হরিহর গা ঢাকা দিয়েছে। প্রহ্লাদ খুব ভালো ও শান্ত ছেলে হিসেবে এলাকায় পরিচিত ছিল। তার এমন মৃত্যুতে সবাই শোকাহত।
এ ব্যাপারে কালকিনি থানার উপপরিদর্শক (এসআই) সন্দীপ জোয়ারদার প্রথম আলোকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে একটি আমগাছের সঙ্গে প্রহ্লাদ মণ্ডলের লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। তিনি আরও বলেন, এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।