কলেজছাত্রের পা ভেঙে দিয়েছে ছাত্রলীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুবেল হোসেন
রুবেল হোসেন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় পৌরসভার মেয়রের উপস্থিতিতে ছাত্রলীগের নেতা-কর্মীরা রুবেল হোসেন (১৭) নামের এক কলেজছাত্রের পা ভেঙে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার পৌর শহরের কলেজ এলাকায় এ ঘটনা ঘটে।
রুবেল স্থানীয় ডা. রুস্তম আলী ফরাজী ডিগ্রি কলেজের ছাত্র এবং পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নির্মাণশ্রমিক মহারাজ মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার বেলা দুইটার দিকে ছাত্রদলকর্মী রুবেল শহরের কলেজ সড়ক দিয়ে বাসায় যাচ্ছিল। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা রড, লোহার পাইপ ও ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালান। একপর্যায়ে পিটিয়ে রুবেলের ডান পা ভেঙে দেন তাঁরা। স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে তাৎক্ষণিকভাবে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাতে রুবেলকে বরিশালের পল্লী ক্লিনিকে স্থানান্তর করা হয়।
রুবেল হোসেন গতকাল মঙ্গলবার বিকেলে বলে, ‘উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র রফিউদ্দিন আহমেদের সামনে আমাকে ছাত্রলীগের নেতা-কর্মীরা পিটিয়ে পা ভেঙে দেয়। আমি ছাত্রদলের কর্মী হওয়ায় তারা আমাকে নির্দয়ভাবে পিটিয়ে আহত করে। সামনে আমার এইচএসসি পরীক্ষা। এ অবস্থায় আমার পরীক্ষায় অংশ নেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে।’
এ ব্যাপারে কথা বলার জন্য চেষ্টা করেও উপজেলা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আরিফুল রহমানের মুঠোফোন বন্ধ পাওয়া গেছে। গতকাল সন্ধ্যায় রফিউদ্দিন আহমেদের মুঠোফোনে ফোন করলেও তিনি ধরেননি।
পল্লী ক্লিনিকের চিকিৎসক আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, রুবেলের পায়ের হাড় ভেঙে আলাদা হয়ে গেছে। তার পায়ে দ্রুত অস্ত্রোপচার করা হবে।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মল্লিক বলেন, এ ঘটনায় অভিযোগ পাওয়া যায়নি।