কলেজছাত্রের মাথা ন্যাড়া করে নির্যাতন
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় তমাল মিস্ত্রি (১৮) নামের এক কলেজছাত্রকে চুরির অভিযোগে মাথা ন্যাড়া করে রং মেখে নির্যাতনের অভিযোগে মামলা হয়েছে। গত মঙ্গলবার রাতে ওই ছাত্রের বাবা সুরেশ মিস্ত্রি বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে স্থানীয় থানায় মামলাটি করেন।
তমালের পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার সারেংকাঠি ইউনিয়নের গয়েশকাঠি গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক সুরেশ মিস্ত্রির মুরগির খামারে প্রতিবেশী সুব্রত মণ্ডল, তরুণ মণ্ডল ও দীপঙ্কর মণ্ডল নামের তিন যুবক ঢুকে নেশা করতেন। ওই যুবকেরা সুরেশ মিস্ত্রির বাড়ির নারকেল ও সুপারি চুরি করতেন। সুরেশ মিস্ত্রি ওই তিন যুবককে তাঁর খামারে যেতে নিষেধ করেন। গত বৃহস্পতিবার রাতে তিন যুবক সুরেশ মিস্ত্রিকে লাঞ্ছিত করেন। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ করেন। মঙ্গলবার সকালে তিন যুবক সুরেশ মিস্ত্রির ছেলে তমালের বিরুদ্ধে সুপারি চুরির অভিযোগ এনে তাঁর মাথা ন্যাড়া করে শরীরে রং মেখে মারধর করেন। আহত তমালকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, মামলার এজাহারভুক্ত আসামি সুব্রত ও দীপঙ্করকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তরুণ মণ্ডলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।