কলেজমাঠ সম্প্রসারণের জন্য জোরপূর্বক জমি অধিগ্রহণ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের হাজীগঞ্জের কাঁকৈরতলা জনতা কলেজের মাঠ সম্প্রসারণের জন্য এক আওয়ামী লীগ নেতা জেলা প্রশাসনের মাধ্যমে অন্যের জমি জোর করে অধিগ্রহণ করেছেন বলে অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে গত সোমবার জমির মালিকের পক্ষে তাঁর ভাই নেছার আহমেদ কলেজ মাঠে সংবাদ সম্মেলেন করেছেন।
স্থানীয় ব্যক্তিরা জানান, উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের কাঁকৈরতলা গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ফয়েজ আহমেদ ২০০০ সালে কলেজটি প্রতিষ্ঠা করেন। কলেজের মাঠ সম্প্রসারণের জন্য সামনের ১২ শতক জমি কলেজের কাছে বিক্রি করতে জমির মালিক মকিবকে প্রস্তাব দেন ফয়েজ আহমেদ।
কিন্তু মকিব ২০১২ সালে একই গ্রামের নাজির আহমেদের কাছে জমিটি বিক্রি করে দেন। নাজির ২০১২ সালের ২৭ ডিসেম্বর জমিটি তাঁর নামে নামজারি করে নেন।
কলেজ কর্তৃপক্ষ সূত্রমতে, মালিকের কাছ থেকে কিনতে ব্যর্থ হয়ে ফয়েজ আহমেদ জেলা প্রশাসনের মাধ্যমে জমিটি অধিগ্রহণের কাজ শেষ করেন। গত ১৭ সেপ্টেম্বর জমির মূল্য বাবদ কর্তৃপক্ষ দুই লাখ ৯৬ হাজার টাকা জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ কার্যালয়ে জমা দেন।
গত ১০ আগস্ট জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা রাজীব আহসান স্বাক্ষরিত একটি নোটিশ জমির সাবেক মালিক মকিবকে পাঠানো হয়। নোটিশে বলা হয়েছে, তফসিল বর্ণিত সম্পত্তি কাঁকৈতলা জনতা কলেজের একাডেমিক ভবন ও মাঠ সম্প্রসারণের লক্ষ্যে সরকারি প্রয়োজনে অথবা জনস্বার্থে সরকারের প্রয়োজন। তাই স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুম দখল অধ্যাদেশ ১৯৮২-এর ৩ ধারার ক্ষমতাবলে ওই সম্পত্তি সরকার অধিগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে।
৩ ধারার সারকথা হলো, সরকারি প্রয়োজনে এবং জনস্বার্থে যেকোনো সম্পত্তি সরকার অধিগ্রহণ করতে পারে। এতে বিজ্ঞপ্তি জারির ১৫ দিনের মধ্যে নোটিশদাতার কাছে প্রস্তাবিত সম্পত্তি অধিগ্রহণের বিরুদ্ধে আপত্তি দাখিল করতে পারে।
সংবাদ সম্মেলনে নেছার আহমেদ বলেন, ‘আমি ও আমার পরিবারের সদস্যরা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। শুধু রাজনৈতিক কারণে ফয়েজ আহমেদ জেলা প্রশাসনকে দিয়ে আমাদের সম্পত্তি জোরপূর্বক অধিগ্রহণ করার পাঁয়তারা করছেন।’বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে জানান সংবাদ সম্মেলনে উপস্থিত স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোস্তফা কামাল।
কলেজের অধ্যক্ষ আমির হোসেন পাটওয়ারী বলেন, সাবেক মালিক মকিব জমিটি কলেজকে দেবেন বলেছিলেন। কিন্তু তিনি তা না করে জমিটি বিক্রি করে দেন। যার কারণে তাঁরা জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। জমি নেওয়ার জন্য কেউ রাজনৈতিক প্রভাব খাটাননি বলে দাবি করেন তিনি।
বেসরকারি কলেজের জন্য জমি অধিগ্রহণ প্রসঙ্গে জানতে চাইলে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও ভূমি অধিগ্রহণ কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা বলেন, সরকারি-বেসরকারি যেকোনো প্রতিষ্ঠানের জন্য সরকার যেকোনো সম্পত্তি অধিগ্রহণ করার ক্ষমতা রাখে। কাঁকৈরতলা জনতা কলেজের জন্য সরকার নিয়ম মেনেই ওই সম্পত্তি অধিগ্রহণ করেছে।
কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মোশাররফ হোসেন বলেন, জমির মালিকের কাছ থেকে জমিটি কিনতে না পেরে কলেজ কর্তৃপক্ষ সরকারের সহায়তায় জমিটি অধিগ্রহণের কাজ শেষ করেছে। তিনি দাবি করেন এ ক্ষেত্রে কেউ প্রভাব খাটাননি। এ ব্যাপারে বক্তব্য জানার জন্য ফয়েজ আহমেদের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।