কলেজশিক্ষক হত্যা মামলায় আরও এক আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় কলেজশিক্ষক চিত্তরঞ্জন বাইন হত্যার ঘটনায় আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে নগরের মুসলমানপাড়া এলাকার জাহিদুর রহমান সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে ওই মামলায় মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ওই আসামির নাম আজিজুল ইসলাম (২৩)। তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও দুটি গুলি উদ্ধার করেছে পুলিশ। আজিজুল বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার হাবিবুল ইসলামের ছেলে। জাহিদুর রহমান সড়কের একটি বাড়িতে তিনি ভাড়া থাকতেন। রোববার রাতেই আজিজুলকে নিয়ে অস্ত্র উদ্ধারে গেলে পুলিশ ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলিতে তিনি গুলিবিদ্ধ হয়ে আহত হন।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম দাবি করেন, আজিজুলকে গ্রেপ্তার করার পর জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাঁর কাছে অস্ত্র আছে বলে জানায়। রাত আড়াইটার দিকে তাঁকে নিয়ে নগরের বাগমারা বালুর মাঠ এলাকা থেকে অস্ত্র উদ্ধার করে ফিরে আসার সময় একদল দুর্বৃত্ত তাঁদের ওপর হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে ১০ থেকে ১৫টি গুলি বিনিময় হয়। একপর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। হামলায় তিনিসহ পুলিশের পাঁচজন সদস্য আহত হন। হামলার সময় সন্ত্রাসীদের গুলিতে আজিজুল আহত হন। তাঁর বাম পায়ে গুলি লেগেছে।
আজিজুলকে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর গতকাল বিকেলের দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে বলে জানান ওসি।
খুলনায় কলেজশিক্ষক চিত্তরঞ্জন বাইনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ১৬ জানুয়ারি রাজু মুন্সি নামের একজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তিনি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। ওই সময় তাঁর সঙ্গে আরও সাতজন ছিলেন বলে তিনি স্বীকারোক্তিতে জানান।
ওসি বলেন, রাজুর স্বীকারোক্তি অনুযায়ী এক এক করে আসামিদের গ্রেপ্তার করা হচ্ছে। অন্য দুজন আসামি হলো ১৭ জানুয়ারি নগরের নাজিরঘাট এলাকা থেকে গ্রেপ্তার হওয়া মাহফুজ ও অন্য একটি মামলায় আগে গ্রেপ্তার হওয়া তুহিন। রাজুর স্বীকারোক্তি অনুযায়ী তুহিন ওই ঘটনার প্রধান আসামি।
১৫ জানুয়ারি নগরের শেরেবাংলা সড়কের আমতলা এলাকার বাসা থেকে শিক্ষক চিত্তরঞ্জন বাইনের হাত-পা-মুখ বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ। তিনি ডুমুরিয়া উপজেলার কৈয়া এলাকার শহীদ আবুল কাশেম কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক ছিলেন। এ ঘটনায় পরদিন ওই শিক্ষকের ভাই সুবল বাইন সদর থানায় একটি মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা লোকজনকে আসামি করা হয়।