কলেজশিক্ষককে অপহরণ করে টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে বাস থেকে এক কলেজশিক্ষককে অপহরণ করার পর তাঁর কাছ থেকে ৯৫ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার সকালে পাবনা-বগুড়া মহাসড়কের সাঁথিয়া উপজেলার পুণ্ডুরিয়া সেতুর কাছে ওই ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, বেড়া মনজুর কাদের মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক রফিকুল ইসলামের বাড়ি সাঁথিয়ার কাশীনাথপুর বাজারে। মঙ্গলবার সকালে তিনি কাশীনাথপুর ইসলামী ব্যাংকের শাখা থেকে ৯৫ হাজার টাকা তোলেন। এরপর তিনি কলেজে যাওয়ার জন্য সকাল সোয়া ১০টার দিকে টাকাসহ বেড়াগামী একটি বাসে ওঠেন। সকাল সাড়ে ১০টার দিকে বাসটি পুণ্ডুরিয়া সেতুর কাছে এলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে পাঁচ-ছয়জন দুর্বৃত্ত বাসটিকে থামায়। এরপর বাসে আসামি থাকার কথা জানিয়ে তারা তল্লাশি করতে থাকে। একপর্যায়ে তারা রফিকুল ইসলামকে বাস থেকে নামিয়ে অন্য একটি গাড়িতে উঠিয়ে দ্রুত চলে যায়। পরে দুর্বৃত্তরা রফিকুল ইসলামের কাছে থাকা ৯৫ হাজার টাকা ও মুঠোফোন ছিনিয়ে নিয়ে তাঁকে সিরাজগঞ্জের নলকার কাছাকাছি একটি স্থানে নামিয়ে দেয়।
এদিকে রফিকুলের স্বজন ও সহকর্মীরা প্রথমে ভেবেছিলেন র্যা ব অথবা ডিবি তাঁকে ধরে নিয়ে গেছে। এরপর বিভিন্ন মাধ্যমের সহায়তায় র্যা ব ও ডিবি কার্যালয়ে তাঁরা খোঁজ নিয়ে জানতে পারেন সেখানে তাঁকে নেওয়া হয়নি।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ মাহমুদ খান বলেন, এ ব্যাপারে ওই শিক্ষক বা তাঁর পরিবারের পক্ষ থেকে এখনো কেউ অভিযোগ দিতে আসেননি।