কলেজশিক্ষককে গুলি করে মারল ভাই!

কক্সবাজারের পেকুয়া উপজেলায় এস এম ফরহাদ উদ্দিন (৩৩ ) নামের এক কলেজ শিক্ষককে গুলি করে হত্যা করা হয়েছে। এ সময় তাঁর বোন নাছিফা নূরকে (২১) কুপিয়ে আহত করা হয়। হত্যাকারী ও হামলাকারী হিসেবে হতাহত ব্যক্তিদের চাচাতো ভাই সালেহ জংগীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
গতকাল বুধবার রাত ১০টার দিকে আবদুল হামিদ সিকদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফরহাদ চট্টগ্রামের সানমার স্কুল অ্যান্ড কলেজের গণিত বিভাগের প্রভাষক ছিলেন। নাছিফা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রী।
ফরহাদের বাবা ইউনূস আহমদের ভাষ্য, ফরহাদ রাত ১০টার দিকে বাড়ি ফিরছিলেন। বাড়ির উঠানে আসার পর সালেহ জংগী কিরিচ দিয়ে আচমকা ফরহাদের ওপর হামলা চালান। এ সময় ফরহাদের চিৎকারে বোন নাছিফা এগিয়ে আসেন। ভাইকে বাঁচাতে গিয়ে কিরিচের আঘাতে তিনি আহত হন। নাফিছার বাম হাতে কোপ লাগে। এর পর সালেহ দৌড়ে পালিয়ে যান।
ফরহাদের ভাই মিনহাজ উদ্দিনের ভাষ্য, পাঁচ মিনিট পর আবার অস্ত্র নিয়ে আসেন সালেহ। খুব কাছ থেকে ফরহাদকে লক্ষ্য করে গুলি ছুড়ে একটি অটোরিকশা নিয়ে পালিয়ে যান। গুলিবিদ্ধ ফরহাদ তাঁর বাবার হাতের ওপর ঢলে পড়েন। পরে প্রতিবেশীরা ফরহাদ ও নাছিফাকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। নাছিফা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
মিনহাজের ভাষ্য, সালেহ অনেক দিন ধরে তাঁদের বেশ কিছু জমি দখল করে ভোগ করে আসছেন। সালেহ সন্ত্রাসী বলে এ ব্যাপারে তাঁরা মাথা ঘামাননি। এর পরও হঠাৎ তাঁর এই ক্ষিপ্ত হওয়ার কারণ সম্পর্কে কিছু বুঝতে পারছেন না।
স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) রেজাউল হাসান বলেন, ফরহাদের বুকে একটি গুলির চিহ্ন রয়েছে। ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রকিব বলেন, সালেহ জংগীর বিরুদ্ধে চার-পাঁচটি মামলা রয়েছে। পুলিশ তাঁকে খুঁজছে। তিনি বলেন, ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।