কলেজশিক্ষককে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই

নাটোরের লালপুর উপজেলায় মোশররফ হোসেন (৩৮) নামে এক কলেজশিক্ষককে গুলি করে হত্যার পর তাঁর মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। উপজেলার লালপুর-বাঘা সড়কের তিনখুঁটি পুলিশ বক্সের কাছে গতকাল বৃহস্পতিবার ঘটনাটি ঘটে।
নিহত মোশাররফ লালপুরের মোহরকয়া ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রভাষক। তিনি বাঘা উপজেলার পীরগাছা গ্রামের মোহাম্মদ আলী প্রামাণিকের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল দুপুরেও কলেজ থেকে বাড়ি ফিরছিলেন মোশাররফ। বেলা পৌনে একটার দিকে তিনখুঁটি এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তিনি মাটিতে লুটিয়ে পড়লে ছিনতাইকারীরা তাঁর মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। মোশাররফকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সুজন আলী (২৫) নামে ভেড়ামারার এক ট্রাকচালক বলেন, লালপুরের পুলিশ বক্সের কাছে অনেক মানুষের জটলা দেখে তিনি ট্রাক থামান। জটলার মাঝে একজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তিনি গাড়ি ঘুরিয়ে তাঁকে নিয়ে হাসপাতালে যান।
তিনখুঁটি এলাকার বাসিন্দা মুক্তার হোসেন বলেন, লালপুর-বাঘা ব্যস্ত সড়ক হলেও দুপুরের দিকে লোকজনের তেমন চলাফেরা থাকে না। কাছেই পুলিশ বক্স থাকলেও দিনের বেলায় সেখানে পুলিশের সদস্যরাও থাকেন না।
বাঘা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, নিহত শিক্ষকের বুকের বাঁ পাশে গুলির একটি ক্ষত রয়েছে। হাসপাতালে নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়।
স্থানীয় ব্যক্তিরা অভিযোগ করে বলেন, এর আগে চলতি মাসে লালপুরের পৃথক তিনটি স্থানে দিনের বেলায় আরও তিনটি মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পুলিশ এখন পর্যন্ত এসব ঘটনায় কাউকে আটক বা মোটরসাইকেলগুলো উদ্ধার করতে পারেনি।
লালপুর থানার ওসি আবু ওবায়েদ বলেন, প্রাথমিক খোঁজখবরে জানা গেছে, দুর্বৃত্তরা মোটরসাইকেল ছিনতাইয়ের উদ্দেশ্যেই ওই কলেজশিক্ষককে গুলি করে। তবে অন্য কারণও থাকতে পারে। তদন্ত করে দায়ী ব্যক্তিদের শনাক্ত করা হবে। ছিনতাই হওয়া মোটরসাইকেলটিও উদ্ধারের চেষ্টা চলছে।