কলেজশিক্ষকসহ তিনজন খুন
বগুড়ায় গতকাল মঙ্গলবার কলেজে যাওয়ার পথে মোটরসাইকেলের গতিরোধ করে এক শিক্ষককে হত্যা করেছে দুর্বৃত্তরা। একই দিন রংপুরের মিঠাপুকুর উপজেলায় একটি চাল-চাতালের ব্যবস্থাপক খুন হয়েছেন। এ ছাড়া পাবনার ঈশ্বরদীতে গত সোমবার রাতে দুর্বৃত্তদের হাতে এক ছাত্রলীগ নেতা খুন হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশের বরাত দিয়ে আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
বগুড়া: নিহত ব্যক্তির নাম আজিজার রহমান (৪৫)। তিনি সদরের হাজরাদীঘি স্কুল অ্যান্ড কলেজের ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষক ছিলেন। সকালে তিনি নিজ বাড়ি কাহালুর দুর্গাপুরের কইয়াগাড়ি থেকে মোটরসাইকেলে করে কলেজে যাচ্ছিলেন। বেলা ১১টার দিকে সদর উপজেলার কাওলা-দোগারিয়া এলাকায় একটি কালো রঙের মাইক্রোবাসে আসা দুর্বৃত্তরা তাঁর পথরোধ করে। এরপর দুর্বৃত্তরা আজিজারকে উপর্যুপরি ছুরিকাঘাত করে তাঁর মৃত্যু নিশ্চিত হওয়ার পর পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ এসে তাঁর লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য আজিজারের মৃতদেহ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
বগুড়ার পুলিশ সুপার মো. মোজাম্মেল হক জানান, পূর্বশত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে ওই কলেজশিক্ষককে খুন করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন পাঁচজনকে আটক করা হয়েছে।
ঈশ্বরদী (পাবনা): সোমবার উপজেলার পাকশী ইউনিয়নের রূপপুর গ্রামের বাসিন্দা সাবেক ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম (৪২) ও তাঁর বন্ধু ইসতিয়াক একটি মোটরসাইকেলে করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন প্রকল্পের আবাসিক এলাকার ‘বাংলা কুঠির’-এ এয়ার কন্ডিশনারের (এসি) সামগ্রী দিতে যান। রাত ১১টার দিকে বাড়ি ফেরার পথে তাঁরা দুর্বৃত্তদের কবলে পড়েন। এ সময় দুবৃর্ত্তরা ইসতিয়াককে মারধর করে হাত-পা বেঁধে ওই জায়গায় ফেলে রাখে। পরে রফিকুলকে একটি জঙ্গলের ভেতরে নিয়ে লাঠি দিয়ে পিটিয়ে ও ছুরিকাঘাত করে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে রাত দুইটার দিকে পুলিশ রফিকুলকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে ভোর সাড়ে পাঁচটার দিকে তিনি মারা যান। রফিকুল পাকশী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।
এদিকে রফিকুল নিহত হওয়ার খবর পেয়ে সকাল থেকে গ্রামবাসীর সঙ্গে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের কর্মীরা একত্র হন। তাঁরা রফিকুলের খুনিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে পাকশীর রূপপুর মোড়ে টায়ারে আগুন জ্বালিয়ে ঈশ্বরদী-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে রাখেন। এ সময় সড়কের উভয় পাশে বহু যানবাহন আটকা পড়ে। বিক্ষুব্ধরা এ সময় কয়েকটি গাড়ি ভাঙচুর করে। বেলা ১১টার দিকে পুলিশ এসে খুনিদের গ্রেপ্তারের আশ্বাস দিলে তাঁরা অবরোধ তুলে নেন।
থানার ওসি বিমান কুমার দাস গতকাল বিকেলে জানান, জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
রংপুর: উপজেলার দাবরা গ্রামে দুর্গাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান এনামুল হকের চালের একটি চাতাল রয়েছে। এ চাতালের ব্যবস্থাপক ছিলেন দাবরা গ্রামের মনোরঞ্জন পাল (৫২)। মনোরঞ্জন প্রতিদিনের মতো সোমবার রাতে ওই চাতালে ঘুমান। ভোরের দিকে তাঁকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। এলাকাবাসীর ধারণা, চাতালে টাকা থাকতে পারে—মনে করে দুর্বৃত্তরা সেখানে হানা দেয়। পরে কিছু না পাওয়ায় হয়তো তাঁকে খুন করে দুর্বৃত্তরা।
থানার ওসি রবিউল ইসলাম গতকাল দুপুরে জানান, গলা ছাড়াও মনোরঞ্জনের শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তবে কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে তা এখনো জানা যায়নি।