কলেজশিক্ষকসহ ১০ জন অজ্ঞান পার্টির খপ্পরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে পৃথক ঘটনায় কলেজশিক্ষকসহ ১০ জন অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে টাকা ও মালামাল খুইয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল সূত্র জানায়, পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের শেখ বোরহানউদ্দিন পোস্ট গ্র্যাজুয়েট কলেজের গণিত বিভাগের শিক্ষক আনিসুর রহমান গতকাল বুধবার বিকেলে কলেজ থেকে আদাবরের বাসায় ফিরছিলেন। বিকেল পাঁচটার দিকে খবর পেয়ে তাঁর ভাই নেওয়াজউদ্দিন বসিলা বেড়িবাঁধ এলাকা থেকে অচেতন অবস্থায় আনিসুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়াজউদ্দিন বলেন, অজ্ঞান পার্টির সদস্যরা তাঁর ভাইকে অজ্ঞান করে ৩০ হাজার টাকা নিয়ে গেছে।
দুপুরে রাজধানীর গুলিস্তানে মোহাম্মদ নুরুন্নবী নামের এক ব্যক্তি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। বেলা দুইটার দিকে রাশেদ নামের একজন পরিবহনশ্রমিক বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের পাশ থেকে অচেতন অবস্থায় নুরুন্নবীকে এনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। রাতে খবর পেয়ে তাঁর ছেলে শেখ ফরিদ হাসপাতালে যান। তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, তাঁর বাবা রেলওয়ের অবসরপ্রাপ্ত প্রকৌশলী। তাঁর কাছে ১ লাখ ৪৫ হাজার টাকা ছিল। গতকাল সকালে নারায়ণগঞ্জের পাগলা এলাকার বাসা থেকে তিনি একটি কাজে ঢাকায় আসেন। সেখান থেকে বাসায় ফেরার পথে তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পের পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক প্রথম আলোকে ঘটনাটি নিশ্চিত করেন।
গতকাল সকালে ঝিনাইদহ থেকে সত্যেন বিশ্বাস নামের এক যুবক বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরির পরীক্ষা দিতে বাসে ঢাকার উদ্দেশে রওনা হন। বাসটি সায়েদাবাদে পৌঁছার পর তাঁকে অচেতন অবস্থায় পাওয়া যায়। সেখান থেকে পথচারীরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর তাঁর জ্ঞান ফিরে আসে। এরপর তিনি বলেন, বাসে অজ্ঞান করে তাঁর একটি মোবাইল ফোন নিয়ে গেছে অজ্ঞান পার্টির সদস্যরা।
গতকাল দুপুরে ফকিরাপুল কাঁচাবাজারের পাশ থেকে পুলিশ কামরুজ্জামান নামের এক যুবককে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাঁর জ্ঞান ফিরে এলে তিনি বলেন যে তাঁর ৬০ হাজার টাকা খোয়া গেছে। এর আগে সকাল পৌনে আটটার দিকে খিলক্ষেত থানার পুলিশ কুড়িল বিশ্বরোডের উড়ালসড়কের নিচ থেকে সিনএনজিচালিত অটোরিকশাচালক মো. শাহীনকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
বেলা সাড়ে তিনটার দিকে পথচারীরা ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড থেকে আবুল ফয়েজ নামের এক ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এর দুই ঘণ্টা পর বিকেল সাড়ে পাঁচটার দিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সামনে থেকে আবু বক্কর নামের এক ব্যক্তিকে পথচারীরা অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে জ্ঞান ফেরার পর ফয়েজ বলেন, তিনি পুরান ঢাকার ইসলামপুরের একটি কাপড়ের দোকানের ব্যবস্থাপক।
এ ছাড়া রাজধানীতে পৃথক ঘটনায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়া অজ্ঞাতপরিচয় আরও তিন যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।