কলেজশিক্ষকের ওপর হামলায় ছয়জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরে কলেজশিক্ষক রিপন চক্রবর্তীর ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। মামলায় ছয়জনকে আসামি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে মাদারীপুর সদর মডেল থানায় মামলাটি হয়। মামলার বাদী পুলিশের উপপরিদর্শক (এসআই) আইয়ুব আলী।

এ ব্যাপারে এসআই আইয়ুব আলী বলেন, ছয়জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। হামলার পর আটক গোলাম ফয়জুল্লাহ ফাহিমকে (২০) এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁকে আজ শুক্রবার সকালে মাদারীপুর মুখ্য বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়েছে।

মাদারীপুর সরকারি নাজিমউদ্দিন কলেজের গণিত বিভাগের প্রভাষক রিপন চক্রবর্তীর ওপর গত বুধবার বিকেলে হামলা হয়। কলেজের পাশে নিজ বাসায় তাঁকে কুপিয়ে জখম করে তিন দুর্বৃত্ত। এ সময় স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে ফয়জুল্লাহকে আটক করে পুলিশে দেয়।

রিপন চক্রবর্তী এখন শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকেরা। তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

গ্রেপ্তার ফয়জুল্লাহ মা-বাবার সঙ্গে রাজধানীর দক্ষিণখানের ফায়দাবাদে একটি পাঁচতলা বাড়ির দ্বিতীয় তলায় থাকতেন। উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এসএসসিতে জিপিএ-৫ পেয়ে ২০১৪ সালে ওই কলেজে ভর্তি হন। এবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ নেন তিনি।

পুলিশ বলেছে, ফয়জুল্লাহকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। হামলার কারণ ও তাঁর সহযোগীদের ধরতে পুলিশের পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও র‍্যাব কাজ করছে। ফয়জুল্লাহর ঢাকার বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহের পাশাপাশি তাঁর ব্যবহৃত কম্পিউটার জব্দ করা হয়েছে।