কলেজশিক্ষকের ছেলেকে পুলিশ পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের সরকারি নাজিমউদ্দিন কলেজের গণিত বিভাগের প্রধান কাজী বেলায়েত হোসেনের ছেলে খালিদ সাইফুল্লাহ জামিলকে (২০) পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। পরিবার বলছে, গত সোমবার দিবাগত রাতে কালকিনি উপজেলার একটি মসজিদ থেকে মাদ্রাসাছাত্র খালিদ সাইফুল্লাহকে সাদাপোশাকের পুলিশ পরিচয়ে তুলে নেওয়া হয়।
খালিদকে উপজেলার গোপালপুর বড় মসজিদ থেকে তুলে নিয়ে যায় পুলিশ। তিনি ওই মসজিদের তারাবি নামাজের ইমাম। এ ছাড়া ফরিদপুরের মার্কজ মাদ্রাসার ছাত্র।
মাদারীপুরের সরকারি নাজিমউদ্দিন কলেজের প্রভাষক রিপন চক্রবর্তীর ওপর ১৫ জুন হামলা চালায় সন্দেহভাজন জঙ্গিরা। রিপন বেলায়েত হোসেনের সহকর্মী।
এদিকে পরিবারের সদস্যরা দাবি করেছেন, গত মঙ্গলবার দুপুরের পর থেকে বেলায়েত হোসেনের সন্ধানও পাওয়া যাচ্ছে না। নিখোঁজ হওয়ার আগে মঙ্গলবার সকালে বেলায়েত হোসেন সাংবাদিকদের জানান, ছেলেকে আটকের বিষয়টি নিয়ে তিনি মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদের সঙ্গে যোগাযোগ করেন। ওসি তাঁকে বলেন, শিক্ষক রিপন চক্রবর্তীর ওপর হামলা এবং এ ঘটনায় নিহত ফাহিমের মামলার বিষয়ে খালিদকে জিজ্ঞাসাবাদ করা হবে। পরে তাঁকে আইনের আওতায় আনা হবে।’
তবে গতকাল বুধবার এ বিষয়ে জানতে ওসির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁকে পাওয়া যায়নি।
খালিদ সাইফুল্লাহর মামা গোলাম রসূল বলেন, সোমবার রাতে খালিদের বন্ধু ও কালকিনি থানা-সংলগ্ন বাঁশতলা মসজিদের ইমাম মোহাম্মদ পারভেজ ও তারাবির নামাজের ইমাম সাজ্জাদ হোসেনকে আটক করে সাদাপোশাকের পুলিশ। এরপর তাঁদের মাধ্যমে খালিদের অবস্থান নিশ্চিত হয়ে দিবাগত রাতে গোপালপুর বড় মসজিদ থেকে খালিদকে আটক করা হয়। ভাগনের খোঁজ নিতে গেলে মামা গোলাম রসূলকেও আটক করে সাদাপোশাকের লোকজন।
গোলাম রসূল বলেন, ‘অভিযানের সময় সাদাপোশাকের পাশাপাশি পোশাক পরা পুলিশ সদস্যরাও গাড়িতে ছিল। মাদারীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) বারেক করিম হাওলাদার ওই অভিযানে উপস্থিত ছিলেন। মাদারীপুর আসার পর তারা আমাকে নিয়ে খালিদের বাসায় অভিযান চালায়। পরে রাত তিনটার দিকে জজকোর্টের সামনে পারভেজ, সাজ্জাদ ও আমাকে ছেড়ে দেয়।’
খালিদ সাইফুল্লাহর মা নাজমা আক্তার বলেন, ‘সোমবার দিবাগত রাতে পুলিশ পরিচয়ে পাঁচ ব্যক্তি অস্ত্র নিয়ে আমাদের ঘরে প্রবেশ করে। তারা তখন আমার ভাই গোলাম রসূলকে বেঁধে নিয়ে আসে এবং ঘরের বিভিন্ন জিনিস তল্লাশি করে। শিক্ষক রিপন চক্রবর্তীকে আমরা চিনি কি না, সে আমাদের বাসায় এসেছিল কি না এ বিষয়ে জানতে চায় তারা। আমার ও আমার ভাইয়ের মুঠোফোনও নিয়ে যায়। তখনো আমরা জানতাম না খালিদকে নিয়ে গেছে। কিছু সময় পরে গোলাম রসূলকে ছেড়ে দেয় ওই ব্যক্তিরা। ভাইকে ছেড়ে দিলে সে আমাদের জানায়, পুলিশ সাইফুল্লাহকে ধরে নিয়ে গেছে। আমার স্বামী পুলিশের কাছে গেলে তারা এ বিষয়ে কিছু জানে না বলে জানিয়েছে। মঙ্গলবার দুপুর থেকে আমার স্বামীর মুঠোফোনও বন্ধ পাচ্ছি। সে কোথায় আছে তাও বলতে পারছি না। আমরা চরম উদ্বেগে আছি।’
শিক্ষক রিপন চক্রবর্তীর ওপর হামলা মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই বারেক করিম। তাঁর উপস্থিতিতে খালিদকে আটকের বিষয়ে জানতে চাইলে বারেক প্রথম আলোকে বলেন, ‘আমি কোনো ব্যক্তিকে আটকের ঘটনা জানি না। তারা কেন আমার নাম বলেছে, তাও বুঝতে পারছি না।’
গতকাল কালকিনি গিয়ে গোপালপুর বড় মসজিদের ইমাম, স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য, বিদ্যালয়ের শিক্ষক, মসজিদের মুয়াজ্জিন ও বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এই প্রতিবেদক। তাঁরা সবাই জানান, পুলিশের একটি পিকআপ ও একটি মাইক্রোবাসে করে সাদাপোশাকের ও পোশাক পরা পুলিশ সদস্যরা সাইফুল্লাহকে তুলে নিয়ে যায়।
মাদারীপুরের পুলিশ সুপার সারোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, কোনো মহল পুলিশের বদনাম করার জন্য এমন প্রচারণা চালাচ্ছে। পুলিশ এ বিষয়ে কিছুই জানে না। এ ধরনের কোনো অভিযান পরিচালিত হয়নি।
১৫ জুন মাদারীপুরে কলেজশিক্ষক রিপনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে তিনজন হামলাকারী। এদের একজন গোলাম ফাইজুল্লাহ ফাহিম পালিয়ে যাওয়ার সময় জনতা আটক করে। পরে ১৮ জুন পুলিশি হেফাজতে তিনি কথিত বন্দুকযুদ্ধে নিহত হন।