কলেজশিক্ষকের বিরুদ্ধে স্ত্রীকে হাতুড়ি দিয়ে পেটানোর অভিযোগ
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চিতলা গ্রামে গত শনিবার রাতে কলেজের শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীকে কিলঘুষি মেরে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। এর প্রতিবাদ করায় ওই নারীর ভাইকেও মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে।
নির্যাতনের শিকার নারীর নাম হাসিনা খাতুন (২৮)। তাঁর ভাইয়ের নাম মো. রিংকু (২৫)। হাসিনার স্বামীর নাম শামীমুর রহমান (৩৫)। তিনি সদর উপজেলার বড় শলুয়া নিউ মডেল কলেজের প্রভাষক। বাড়ি চিতলা গ্রামে।
নির্যাতিত দুজনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে হাসিনাকে ওই রাতেই জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানকার চক্ষু বিভাগের কনসালট্যান্ট মো. শফিউজ্জামান বলেন, হাসিনার বাঁ চোখের নিচে ক্ষত হয়েছে। সেখানে অন্তত ১৫টি সেলাই দেওয়া হয়েছে।
নির্যাতনের ঘটনায় হাসিনার বাবা আমীর হোসেন শনিবার রাতেই দামুড়হুদা মডেল থানায় শামীমুর রহমানসহ ছয়জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্ত বাকি পাঁচজন হলেন শামীমুরের বাবা মতিয়ার রহমান, মা ফাতেমা খাতুন, বোন বিউটি, ভগ্নিপতি সাদিক ও ভাগনে আশিক।
নির্যাতনের শিকার হাসিনা খাতুন বলেন, ‘১৫ বছর আগে শামীমুরের সঙ্গে আমার বিয়ে হয়। চার-পাঁচ বছর আগে তার আচরণে পরিবর্তন শুরু হয়। শনিবার বিকেল তিনটার দিকে বাড়িতে ফিরে সে কারণ ছাড়াই আমার সাথে খারাপ আচরণ করে। মেয়ে সুমাইয়া এর প্রতিবাদ করলে সে হাঁসুয়া দিয়ে তার গলা কেটে ফেলার হুমকি দেয়। প্রতিবাদ করলে আমার নাকেমুখে উপর্যুপরি ঘুষি মারলে জখম হই।’
হাসিনার বাবা আমীর হোসেন বলেন, নির্যাতনের খবর শুনে রাত নয়টার দিকে গিয়ে কারণ জানতে চান। এ সময় তাঁর সামনেই মেয়েকে হাতুড়ি দিয়ে চোখে আঘাত করা হয়। প্রতিবাদ করলে ছেলে রিংকুর মাথা ফাটিয়ে দেওয়া হয়।
মেয়ে সুমাইয়া বলে, ‘বাবাকে কখনো এমন ভয়ংকর অবস্থায় দেখিনি। যখন হাঁসুয়া গলায় ধরেছিল, ভেবেছিলাম মারা যাচ্ছি।’
এ বিষয়ে জানতে গতকাল রোববার দুপুরে বাড়িতে গিয়ে শামীমুরকে পাওয়া যায়নি। শামীমুরের বাবা মতিয়ার রহমান বলেন, ‘ঘটনাটি নিছক পারিবারিক বিষয়। শ্বশুরবাড়ির লোকজন বিষয়টি বেশি ঘোলা করে ফেলেছে।’
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত হোসেন বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’