কলেজশিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিপেটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝালকাঠির রাজাপুর ডিগ্রি কলেজের চার শিক্ষার্থীকে চলন্ত বাস থেকে ফেলে দেওয়ার প্রতিবাদে গতকাল শিক্ষার্থীরা কলেজের সামনে ঝালকাঠি-রাজাপুর-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন l ছবি: প্রথম আলো
ঝালকাঠির রাজাপুর ডিগ্রি কলেজের চার শিক্ষার্থীকে চলন্ত বাস থেকে ফেলে দেওয়ার প্রতিবাদে গতকাল শিক্ষার্থীরা কলেজের সামনে ঝালকাঠি-রাজাপুর-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন l ছবি: প্রথম আলো

চলন্ত বাস থেকে চার ছাত্রকে ফেলে দিয়ে আহত করার প্রতিবাদে ঝালকাঠির রাজাপুর ডিগ্রি কলেজের ছাত্রদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ লাঠিপেটা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে ছয় ছাত্র আহত হয়েছেন। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে কলেজের সামনে ঝালকাঠি-রাজাপুর-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে।
আহত কলেজছাত্র নাঈম মাহমুদ বলেন, গত মঙ্গলবার দুপুরে কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের চার ছাত্রকে নূর-নোহা নামের একটি চলন্ত বাস থেকে ফেলে দেন বাসটির সুপারভাইজার ও চালকের সহকারী। এতে ওই চার ছাত্র আহত হন। এর প্রতিবাদে গতকাল দুপুরে কলেজের সামনের সড়কে শান্তিপূর্ণ সড়ক অবরোধ কর্মসূচি পালনকালে পুলিশ অতর্কিতে হামলা চালায়। এতে কমপক্ষে ছয় ছাত্র আহত হন। এ সময় ছাত্রদের রক্ষায় কলেজের অধ্যক্ষ গোলাম বারী খান ও ইংরেজি বিভাগের প্রভাষক জহিরুল ইসলাম এগিয়ে গেলে পুলিশ তাঁদেরও লাঞ্ছিত করে।
আহত ছয় শিক্ষার্থী হলেন মো. শামীম, নাঈম মাহমুদ, মো. বাপ্পি. তরিকুল ইসলাম, মো. ফিরোজ ও হাসান। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে কলেজের শিক্ষকেরা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের প্রায় দেড় কিলোমিটার এলাকায় যানবাহন আটকা পড়ে যায়। খবর পেয়ে রাজাপুর থানার পুলিশ এসে অবরোধকারী ছাত্রদের ওপর অতর্কিতে লাঠিপেটা শুরু করলে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন। এ সময় শিক্ষার্থীদের রক্ষার জন্য কলেজের অধ্যক্ষ ও কয়েকজন শিক্ষক এগিয়ে এলে পুলিশ তাঁদের সঙ্গেও দুর্ব্যবহার করে। পরে এই মহাসড়কে যান চলাচল শুরু হয়।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি অভিযান) শেখ মুনীর উল গিয়াস বলেন, গুরুত্বপূর্ণ এই সড়কটি অবরোধ করায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পুলিশ সড়ক থেকে শিক্ষার্থীদের সরিয়ে দিতে চাইলে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ভুল-বোঝাবুঝি হওয়ায় সেখানে সামান্য অপ্রীতিকর ঘটনা ঘটে। এ জন্য পুলিশ দুঃখিত। ওসি আরও বলেন, চার ছাত্রের সঙ্গে বাস কর্মচারীদের অপ্রীতিকর ঘটনার ব্যাপারে শিক্ষার্থী বা কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জানতে চাইলে ঝালকাঠি জেলা বাস মালিক সমিতির সভাপতি ও ঝালকাঠি জেলা পরিষদ চেয়ারম্যান সরদার শাহ আলম বলেন, বাস ভাড়া নিয়ে চার শিক্ষার্থীর সঙ্গে বাসের কর্মচারীদের বাগ্বিতণ্ডা ও হাতাহাতি হয়। এতে হয়তো ওই শিক্ষার্থীরা আহত হতে পারে, কিন্তু তাদের চলন্ত বাস থেকে ফেলে দেওয়া হয়েছে এটা সত্য নয়।