কলেজশিক্ষিকা কৃষ্ণা হত্যা মামলার তদন্ত করছে ডিবি
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) উপপরিচালক সিতাংশু শেখর বিশ্বাসের স্ত্রী কলেজশিক্ষিকা কৃষ্ণা কাবেরী বিশ্বাস হত্যা মামলার তদন্ত শুরু করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শনিবার থেকে আনুষ্ঠানিকভাবে মামলার তদন্ত শুরু করা হবে বলে জানান পুলিশের তেজগাঁও বিভাগীয় উপকমিশনার বিপ্লব কুমার সরকার।
তবে এর আগে থেকেই অনানুষ্ঠানিকভাবে মামলাটির তদন্ত শুরু করেছিলেন ডিবির কর্মকর্তারা। রাজধানীর মহাখালীতে ঢাকা মেট্রোপলিটন মেডিকেল সেন্টারে কৃষ্ণা কাবেরীর স্বামী সিতাংশু শেখর বিশ্বাসের সঙ্গে বেশ কয়েকবার কথা বলেছেন ডিবি পশ্চিমের কয়েকজন কর্মকর্তা। আজকেও তাঁদের সঙ্গে সিতাংশুর কথা হয়েছে।
ডিবির তদন্ত সংশ্লিষ্টদের আশা, খুব শিগগিরই মামলার একমাত্র আসামি জহিরুল ইসলামকে গ্রেপ্তার করা সম্ভব হবে।
ডিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, সিতাংশু শেখরের মানসিক অবস্থা বুঝে কথা বলা হচ্ছে। তাঁর কাছ থেকে এ ঘটনার গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। সে সূত্র ধরেই তদন্ত চলছে।
উল্লেখ্য, রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডে গত সোমবার রাতে সিতাংশুকে জুস খাওয়ানোর পর তাঁকে, তাঁর স্ত্রী ও দুই মেয়েকে হাতুড়িপেটা করা হয়। একপর্যায়ে তাঁর স্ত্রীর পরনের শাড়িতে আগুন ধরিয়ে দেন হামলাকারী। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়ার পর তিনি মারা যান।
পুলিশের তেজগাঁও বিভাগীয় উপকমিশনার বিপ্লব কুমার সরকার জানান, সিতাংশুর বাসা থেকে জব্দ করা বিভিন্ন আলামতের তালিকা করা হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরীক্ষাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ জন্য আদালতের নির্দেশ পেলে আলামতগুলো সিআইডিতে দ্রুত পাঠানো হবে।
এর আগে সিতাংশুর স্বজনেরা জানান, সোমবার রাতে সিতাংশু, তাঁর স্ত্রী ও দুই মেয়েকে আহত অবস্থায় উদ্ধারের পর পুলিশ তাঁদের বাসায় তালা লাগিয়ে দিয়েছিল। গতকাল দুপুরে মোহাম্মদপুর থানার পুলিশ ওই বাসার চাবি তাঁদের স্বজনদের বুঝিয়ে দেয়। নাম প্রকাশে অনিচ্ছুক সিতাংশুর সহকর্মী বিআরটিএর কর্মকর্তা প্রথম আলোকে বলেন, সিতাংশু অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। প্রাথমিক ধকল কাটিয়ে উঠেছেন।
ঘটনার কারণ সম্পর্কে ওই কর্মকর্তা জানান, সিতাংশু খুব অল্প কথা বলতেন। কারও সঙ্গে কোনো কিছুই শেয়ার করতেন না। তাই হত্যার কারণ তাঁরা বুঝতে পারছেন না।