কলেজে ছুরিকাহত হয়ে ছাত্রলীগ কর্মী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে মদন মোহন কলেজে ছুরিকাঘাতে আজ বুধবার আবদুল আলীম নামে ছাত্রলীগের এক কর্মী নিহত হয়েছেন। তিনি দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। এ হত্যাকাণ্ড নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য রাহুল কান্তি দে নামে ছাত্রলীগের আরেক কর্মীকে আটক করা হয়েছে।

আলীমের বাড়ি দক্ষিণ সুরমা উপজেলার নিজ সিলাম গ্রামে।
নগরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহমদ কলেজের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানান, গতকাল মঙ্গলবার কলেজ ক্যাম্পাসে আড্ডা দেওয়া নিয়ে একই সংগঠনের কয়েকজন কর্মীর সঙ্গে আবদুল আলীমের কথা-কাটাকাটি হয়। এর জের ধরে আজ দুপুর ১২টার দিকে কলেজের একাডেমিক ভবনের দ্বিতীয় তলায় ছাত্রলীগের ক্যাডাররা তাঁকে ছুরিকাঘাত করে। পরে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বেলা ২টা ৪০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক আলীমকে মৃত ঘোষণা করেন।
আবদুল আলীম ছাত্রলীগের কলেজ শাখার কর্মী ছিলেন বলে জেলা ছাত্রলীগের সহসভাপতি আলী হোসেন নিশ্চিত করেছেন। তবে দলীয় কোন্দলের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে কি না এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।
পরে নগরের লামাবাজার থেকে বিকেল সাড়ে তিনটার দিকে পুলিশ ছাত্রলীগ কর্মী রাহুলকে আটক করে। তাঁর বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হেকিমগঞ্জে। কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মোশাররফ হোসেন জানান, জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে আটক করা হয়েছে।
কলেজের অধ্যক্ষ আবুল ফতেহ ফাত্তাহ জানান, এ ঘটনার পর ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন প্রথম আলোকে বলেন, ‘সিলেটের মদন মোহন কলেজে পাঁচ বছর ধরে ছাত্রলীগের কোনো কমিটি নেই। ছাত্রলীগের নাম নিয়ে কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত তাও আমরা জানি না। প্রশাসনের কাছে আমাদের আহ্বান—যারা এ ঘটনার সঙ্গে তাঁদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিন।’