
খুলনার সরকারি সুন্দরবন আদর্শ কলেজ ভবনের ফটকে তালা দিয়ে নিজেদের পছন্দের শিক্ষার্থীদের ভর্তি করিয়েছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। বিনিময়ে শিক্ষার্থীদের কাছ থেকে তাঁরা টাকা নিয়েছেন বলেও অভিযোগ উঠেছে।
গতকাল সোমবার বেলা একটার দিকে কলেজের ২ নম্বর একাডেমিক ভবন থেকে সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের বের করে দিয়ে ফটকে তালা ঝুলিয়ে দেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। বিকেল চারটা পর্যন্ত এই কার্যক্রম চলে। পরে কলেজের অধ্যক্ষ ও ভর্তি কমিটির সদস্যরা ফটক খুলে শিক্ষার্থীদের ভেতরে নিয়ে যান। ছাত্রলীগের নেতা-কর্মীরা অনেক শিক্ষার্থীর কাছ থেকে দুই থেকে তিন হাজার, কারও কারও কাছ থেকে পাঁচ হাজার টাকা নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়রার এক শিক্ষার্থী বলেছেন, ছাত্রলীগের পরিচয় দেওয়া রাসেল নামের একজন তাঁর কাছ থেকে ভর্তির নামে পাঁচ হাজার টাকা নিয়েছেন। রাসেলের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, ‘ভর্তির জন্য ব্যাংকে যে টাকা জমা দেওয়া লাগে সেটাই নিয়েছি।’ এরপর ব্যস্ত আছেন বলে ফোন কেটে দেন তিনি।
কলেজ সূত্রে জানা গেছে, একাদশ শ্রেণিতে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তির শেষ দিন ছিল গতকাল। কলেজটিতে এ বছর বাণিজ্য বিভাগে ৪০০, বিজ্ঞান ও মানবিক বিভাগে ৩০০টি করে মোট ১ হাজার আসন আছে। গত রোববার পর্যন্ত ২৫০ জনের মতো শিক্ষার্থী ভর্তি হয়েছিল।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, শেষ দিনে গতকাল সকাল থেকে শিক্ষার্থীরা কলেজে ভর্তির জন্য ভিড় জমায়। কলেজের একাডেমিক ভবন-২-তে ভর্তি কার্যক্রম চলছিল। কিন্তু সকাল থেকে কোনো শিক্ষার্থীকেই ভর্তি ফরম দেওয়া হয়নি। বেলা একটার দিকে ছাত্রলীগের নেতা-কর্মীরা শিক্ষার্থীদের বের করে দিয়ে একাডেমিক ভবন-২-এর ফটকে তালা ঝুলিয়ে দেন। এ সময় তাঁদের বাধা দেওয়ায় সনজিত কুমার মণ্ডল নামের এক অভিভাবককে মারধর করা হয়। সনজিত সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বিএল কলেজ শাখার সভাপতি। তিনি ছোট ভাইকে ভর্তি করার জন্য নিয়ে এসেছিলেন।
এদিকে সনজিতের ওপর হামলার বিচার ও উচ্চমাধ্যমিকে ভর্তি-বাণিজ্য বন্ধের দাবিতে আজ বিকেলে নগরের শহীদ হাদিস পার্ক থেকে এক প্রতিবাদ মিছিলের কর্মসূচি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) খুলনা জেলা কমিটির সমন্বয়ক জনার্দন দত্ত।
সরেজমিনে সুন্দরবন কলেজে দেখা যায়, ভবনের সামনে বিপুলসংখ্যক ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীর ভিড়। ভবনের ফটকে তালা ঝুলিয়ে ভেতরে ছাত্রলীগের নেতা-কর্মীরা ভর্তি কার্যক্রম নিয়ে ব্যস্ত। বারান্দার গ্রিলের ভেতর দাঁড়িয়ে তাঁরা সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে দর-কষাকষি করছেন। শিক্ষকেরাও ভেতরে আটকা পড়েছেন। বিকেল চারটা পর্যন্ত এভাবে ভর্তি কার্যক্রম চলে।
নাম প্রকাশ না করে ছাত্রলীগের একজন কর্মী ও ভর্তি-ইচ্ছুক কয়েকজন শিক্ষার্থী এই প্রতিবেদককে বলেন, ভর্তি কার্যক্রমের সঙ্গে কলেজ ছাত্রলীগ পরিচয় দেওয়া কয়েকজন জড়িত।
সুন্দরবন কলেজে একাদশ শ্রেণির ভর্তি কমিটির আহ্বায়ক বি এম হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘শুরুতে টুকটাক সমস্যা হয়েছিল। পরে ছাত্রদের বুঝিয়ে ঠিক করেছি। বিকেল পাঁচটা পর্যন্ত প্রায় ৪৫০ শিক্ষার্থী ভর্তি হয়েছে। আরও কিছুসংখ্যক শিক্ষার্থী ভর্তি হবে বলে আশা করছি।’
কলেজের অধ্যক্ষ অহিদুজ্জামান প্রথম আলোকে বলেন, সকালে ছাত্ররা একটু ঝামেলা করেছিল। পরে সব ঠিক হয়ে গেছে।
মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহজালাল হোসেন বলেন, ‘সুন্দরবন কলেজে ছাত্রলীগের কোনো কমিটি নেই। আমি খুলনার বাইরে আছি। এ ব্যাপারে আমি কিছুই জানি না।’