কলেজে যেতে বলায় বড় ভাইকে হত্যা!
চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার রাবেয়া রহমান লেনের একটি বাসায় গতকাল রোববার ছুরিকাঘাতে সোহেল চৌধুরী (৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
পুলিশ ও পরিবার বলছে, ছোট ভাই রায়হান চৌধুরীর ধারালো অস্ত্রের আঘাতে সোহেল মারা গেছেন।
সোহেলের বাবা সিরাজদ্দৌলা চৌধুরী জানান, তাঁর ছোট ছেলে রায়হান নগরের কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। সে কিছুদিন ধরে নিয়মিত কলেজে যাচ্ছিল না। পড়াশোনায়ও অমনোযোগী ছিল। এ কারণে শনিবার রাতে রায়হানকে বকাঝকা করেছিলেন সোহেল। তিনি বলেন, কলেজে যেতে বকাঝকা করায় বড় ভাইকে খুন করে রায়হান পালিয়ে যায়।
নিহত সোহেল চৌধুরী পেশায় স্থপতি। তিনি একটি প্রতিষ্ঠানের মালিক ছিলেন।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, গতকাল সকালে সোহেল চৌধুরী অফিসে যাওয়ার আগে ছোট ভাই রায়হানকে ঘুম থেকে ডেকে তুলে কলেজে যেতে বলেন। এতে সে ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে রায়হান শোবার ঘরের দরজা বন্ধ করে বড় ভাইকে ছুরিকাঘাত করে।
পরিবারের সদস্যরা জানান, একপর্যায়ে রায়হান দরজা খুলে দ্রুত পালিয়ে যায়। স্থানীয় লোকজনের সহায়তায় সোহেলকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সিরাজদ্দৌলা চৌধুরী বলেন, তাঁর ছোট ছেলে রায়হান মানসিকভাবে অসুস্থ। তার চিকিৎসাও করানো হয়েছে।
পুলিশ জানায়, সোহেলের বুকের দুই পাশে ও মাথায় আঘাতের চিহ্ন আছে। ময়নাতদন্ত শেষে বিকেলে তাঁর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সোহেল চৌধুরীর গ্রামের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালীর চরণদ্বীপ এলাকায়।
রাবেয়া রহমান লেনের একটি ভবনের চতুর্থ তলায় পরিবার নিয়ে ভাড়া থাকেন সিরাজদ্দৌলা চৌধুরী। স্ত্রী, বড় ছেলে সোহেল চৌধুরী, সোহেলের স্ত্রী ও দুই বছরের এক মেয়ে এবং ছোট ছেলে রায়হানকে নিয়ে ওই বাসায় থাকেন তিনি। তাঁর এক ছেলে সড়ক দুর্ঘটনায় বছর খানেক আগে মারা যায়। আরেক ছেলে যুক্তরাষ্ট্রে থাকেন।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ জানান, রোববার সন্ধ্যা পর্যন্ত পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় মামলা হয়নি। পরিবার মামলা না করলে পুলিশ হত্যা মামলা করবে। তিনি বলেন, পুলিশ রায়হানের শোবার ঘরের খাটের নিচ থেকে একটি ছুরি, হাতুড়ি ও দা উদ্ধার করে। এতে মনে হচ্ছে, রায়হান পরিকল্পিতভাবে বড় ভাইকে হত্যা করেছে।