কলেজের গাছ কেটে সাবাড়

বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ চত্বরের সাতটি গাছ গতকাল বৃহস্পতিবার কেটে ফেলা হয়েছে।
অধ্যক্ষ সামস-উল আলম যোগদানের তিন সপ্তাহের মাথায় কোনো প্রকার দরপত্র আহ্বান ছাড়াই গাছগুলো কেটে সাবাড় করিয়েছেন। শোভাবর্ধনের অজুহাত তুলে এসব গাছ কাটা হলেও কোনো নিয়মকানুন মানা হয়নি। এ ক্ষেত্রে বন বিভাগ ও পরিবেশ অধিদপ্তরকে জানানোর কথা থাকলেও তা করা হয়নি।
বিএনপি ক্ষমতায় থাকাকালে চত্বরের শোভাবর্ধন ও পরিবেশ রক্ষার জন্য এসব গাছ রোপণ করিয়েছিলেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। তাই যোগদান করেই নিজেকে ‘আওয়ামী অধ্যক্ষ’ প্রমাণ করতে অধ্যক্ষ গাছগুলো কাটিয়েছেন বলে অভিযোগ করেছে ছাত্রদল।
জানতে চাইলে অধ্যক্ষ সামস-উল আলম গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, কলেজের মূল ফটকের সামনে বেড়া দিয়ে ঘেরা গোলচত্বরে সাতটি মেহগনি ও একটি কৃষ্ণচূড়াগাছ ছিল। এসব গাছের কারণে ফটকের সামনে লেখা কলেজের নামফলক পর্যন্ত ঢেকে গিয়েছিল। এ জন্য সাতটি মেহগনিগাছ কেটে ফেলতে কর্মচারীদের বলা হয়েছে। যেহেতু কৃষ্ণচূড়াগাছটি বিএনপি নেতা তারেক রহমানের লাগানো, সেহেতু তাঁর প্রতি সম্মান জানাতে ওই একটি গাছ রেখে অন্য সব গাছ কেটে ফেলতে বলা হয়েছে। তিনি বলেন, গাছগুলো খুব ছোট হওয়ায় দরপত্র আহ্বানের কোনো প্রয়োজন পড়েনি। এসব গাছ কেটে খড়ি করে কর্মচারীদের ব্যবহারের জন্য বাড়ি নিয়ে যেতে বলা হয়েছে। গাছ অপসারণের বিষয়টি শিক্ষক পরিষদের সভায় পরে তোলা হবে।
গতকাল বিকেল সাড়ে চারটার দিকে কলেজ চত্বরে গিয়ে দেখা যায়, পাঁচ থেকে ছয়জন শ্রমিক মূল ফটকের সামনে লোহার বেড়া দিয়ে ঘেরা গোলচত্বরের ভেতরে প্রবেশ করে গাছ কাটছেন। ইতিমধ্যে চারটি মেহগনিগাছ কেটে ফেলা হয়েছে। শ্রমিক আবদুল হামিদ জানান, তাঁরা ৪০০ টাকা দিন-হাজিরা চুক্তিতে গাছ কাটার কাজ করছেন। পাশে বসা কয়েকজনকে দেখিয়ে দিয়ে বলেন, ‘ওনারা আমাদের ডেকে এনে কাজে লাগিয়েছেন। কতটা গাছ কাটতে হবে এখনো কিছু বলেননি।’
গাছ কাটা তদারক করছিলেন কলেজের কয়েকজন কর্মচারী। তাঁরা বলেন, অধ্যক্ষ স্যারের নির্দেশেই তাঁরা শ্রমিক লাগিয়ে গাছ কাটছেন।
নাম প্রকাশ না করার শর্তে কলেজের সাত-আটজন সাধারণ শিক্ষার্থী অভিযোগ করেন, খোঁড়া অজুহাতে এসব গাছ কেটে ফেলা হচ্ছে। এসব গাছের দাম প্রায় অর্ধ লাখ টাকা।
কলেজের একাধিক শিক্ষক-কর্মচারীর সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় এক যুগ আগে বিএনপি ক্ষমতায় থাকাকালে কলেজ পরিদর্শনে এসে এসব গাছ লাগিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রীর জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান।
আজিজুল হক কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমান জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহাবুল আলম প্রথম আলোকে বলেন, ২০০১ সালের দিকে তারেক রহমান কলেজ পরিদর্শনে এসে শোভাবর্ধনের জন্য ওই গোলচত্বরে আট থেকে দশটি মেহগনি ও কৃষ্ণচূড়া লাগিয়েছিলেন। শুনছি, তারেক রহমানের লাগানো এসব গাছ কেটে ফেলে বর্তমান অধ্যক্ষ নিজেকে আওয়ামী অধ্যক্ষ প্রমাণ এবং সরকারকে খুশি করার চেষ্টা করছেন।
বগুড়া বিভাগীয় বন কর্মকর্তা সুনীল কুমার কুন্ড গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে জানান, সরকারি কোনো প্রতিষ্ঠানের গাছ অপসারণের প্রয়োজন হলে তা প্রথমে বন বিভাগকে লিখিতভাবে জানাতে হয়। বন বিভাগ কাটার প্রয়োজনীয়তা কতটুকু, তা জানতে সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন দাখিল করে। পরিবেশ অধিদপ্তর বগুড়ার বিভাগীয় পরিচালক আলী রেজা মজিদ বলেন, সরকারি কলেজের গাছ কাটতে গেলে পরিবেশ অধিদপ্তরকে জানানোর কথা; কিন্তু আজিজুল হক কলেজ প্রশাসন বিষয়টি অধিদপ্তরকে জানায়নি।