কলেজের গেট ভাঙার চেষ্টা এলাকাবাসীর বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা আবাসিক বালিকা স্কুল অ্যান্ড কলেজের মূল ফটক ভেঙে ফেলার চেষ্টা হয়েছে বলে অভিযোগ উঠেছে। কালেজের পাশে স্থাপন করা একটি কয়েল কারখানার লোকজন গত মঙ্গলবার রাতে ফটক ভাঙার চেষ্টা চালান। এ সময় স্থানীয় লোকজন বাধা দিলে তাঁরা চলে যান।
গতকাল বুধবার দুপুরে সীতাকুণ্ডের সাংসদ দিদারুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি কলেজ ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন। কলেজের দক্ষিণ পাশে কেওয়াইসিআর নামের কয়েল কারখানাটি রয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ নিজেদের সুবিধার জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসংলগ্ন কলেজের মূল ফটকটি ভাঙার চেষ্টা চালায়। খবর পেয়ে উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক মো. আলাউদ্দীনের নেতৃত্বে স্থানীয় বাসিন্দারা গিয়ে বাধা দেন। বাধার মুখে কারখানা কর্তৃপক্ষ চলে যায়।
মো. আলাউদ্দীন বলেন, কলেজ কর্তৃপক্ষকে না জানিয়ে স্থানীয় সাংসদের নাম ভাঙিয়ে তাঁরা গেটটি ভাঙছিলেন। স্থানীয় বাসিন্দারা ভাঙার কাজে বাধা দেওয়ার সময় তিনিও তাঁদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
এ ব্যাপারে কারখানার পরিচালক মনিরুল ইসলাম বলেন, কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আলাপ-আলোচনা সাপেক্ষে তাঁরা গেটটি পুনর্নির্মাণ করে দিচ্ছেন। স্থানীয় কিছু ব্যক্তি নিজের স্বার্থ উদ্ধারের জন্য কাজে বাধা দিয়েছেন। সাংসদ ও কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আলাচনা করে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
তবে কলেজের গভর্নিং বডির সদস্য নূর মোহাম্মদ বলেন, কলেজ কর্তৃপক্ষকে না জানিয়ে অবৈধভাবে গেটটি ভাঙার চেষ্টা চালানো হয়। অভিভাবকসহ স্থানীয় বাসিন্দার বাধা দেওয়ায় তারা পিছু হটে।
জানতে চাইলে সাংসদ দিদারুল আলম বলেন, গেট ভাঙা কারখানা কর্তৃপক্ষের উচিত হয়নি। কয়েক দিনের মধ্যে উভয় পক্ষকে ডাকবেন তিনি। একটি ভালো সমাধান না হওয়া পর্যন্ত কাজ বন্ধ রাখতে কারখানা কর্তৃপক্ষকে বলেছেন তিনি
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান বলেন, এ ব্যাপারে কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি।