কলেজের জমি দখল করে স্থাপনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ শহরের পাটগুদাম এলাকায় অবস্থিত হাজি কাশেম আলী কলেজের জমির একাংশ দখল হয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। দখল হওয়া জমিতে গড়ে উঠেছে বসতঘর ও দোকানপাট। কিছু অংশে ফেলা হচ্ছে ময়মনসিংহ পৌরসভার আবর্জনা।

কলেজ কর্তৃপক্ষ এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য ময়মনসিংহের জেলা প্রশাসক ও ময়মনসিংহ পৌরসভার কাছে লিখিতভাবে আবেদন করলেও দখলমুক্ত হচ্ছে না কলেজের জমি। দখলের কারণে কলেজের ছাত্রী হোস্টেলটিও সম্প্রতি অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

কলেজ সূত্রে জানা যায়, ২০০২ সালে তৎকালীন জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন ভূমি মন্ত্রণালয় থেকে শহরের পাটগুদাম এলাকায় ৪ দশমিক ৩৩ একর জমি ৯৯ বছরের জন্য লিজ নেন। ওই বছরই তিনি লিজ নেওয়া জমিতে হাজি কাশেম আলী কলেজ প্রতিষ্ঠা করেন। কলেজটি শুধু উচ্চমাধ্যমিক পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করা হয়। বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২০০। প্রায় দেড় একর জমিতে কলেজের ভবন। বাকি জমিতে কলেজের কোনো স্থাপনা নেই। সীমানাপ্রাচীরও নেই। কলেজের জমির এক পাশে ব্রহ্মপুত্র নদ এবং অপর পাশে ময়মনসিংহ আন্তজেলা বাস টার্মিনাল। কয়েক বছরে ধরেই সেই ব্রহ্মপুত্র নদ ও বাস টার্মিনালের দিকেই দখল হয়ে যাচ্ছে কলেজের জমি।

গত রোববার সরেজমিনে দেখা যায়, কলেজের জমিতে ব্রহ্মপুত্র নদের পাড় ধরে গড়ে উঠেছে প্রায় ৪০টি টিনের বসতঘর। বাস টার্মিনালের দিকে গড়ে উঠেছে বেশ কিছু অবৈধ চায়ের দোকান। এ ছাড়া কলেজের পেছনের খালি অংশে ফেলা হচ্ছে পৌরসভার আবর্জনা। অবৈধ দখলে থাকা একাধিক পরিবার ও একাধিক চায়ের দোকানির সঙ্গে কথা হলে তাঁরা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে নাম প্রকাশ না করার শর্তে দুজন বলেন, অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনাগুলোতে যাঁরা বসবাস করেন তাঁরা নিম্ন আয়ের মানুষ। প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে কথা বলেই তাঁরা বসতঘর ও দোকান নির্মাণ করেছেন।

কলেজ সূত্র জানায়, কলেজের পেছনে একটি ছাত্রী হোস্টেল ছিল। আবর্জনার দুর্গন্ধের কারণে ছাত্রীরা থাকতে না পারায় কয়েক মাস আগে হোস্টেলটি অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

জানতে চাইলে কলেজের অধ্যক্ষ এ কে এম রিয়াজুল কিবরিয়া আকন্দ বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জানিয়ে তাঁরা গত ৯ জুন জেলা প্রশাসকের কাছে লিখিত দাবি জানিয়েছেন। আবর্জনা ফেলার বিষয়টিও ময়মনসিংহ পৌরসভা কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে এ বিষয়ে ময়মনসিংহ পৌরসভার স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার বলেন, ওই জায়গায় আবর্জনা ফেলার বিষয়টি পৌরসভার জানা নেই। হয়তো স্থানীয় লোকজন আবর্জনা ফেলছে।

যোগাযোগ করলে ময়মনসিংহের জেলা প্রশাসক মো. খলিলুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমি যোগদানের পর এ ধরনের কোনো লিখিত অভিযোগ পাইনি। কলেজ কর্তৃপক্ষ মৌখিকভাবে বিষয়টি জানিয়েছে। আমি তাঁদের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যোগাযোগ করতে বলেছি।’