বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ফরিদপুরের বোয়ালমারী উপজেলা সদরের কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হোসনেয়ারা বেগমকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
গত বুধবার দুপুরে কলেজ পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ফরিদপুর-১ আসনের সাংসদ আবদুর রহমান সভায় সভাপতিত্ব করেন।
কলেজ সূত্রে জানা যায়, গত বছরের ২০ ডিসেম্বর কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক হোসনেয়ারা বেগম ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নেন।
এর পর থেকেই তাঁর বিরুদ্ধে কলেজে ইচ্ছামতো যাওয়া-আসা, ছুটি ছাড়াই কলেজে অনুপস্থিতি, শিক্ষক রাজনীতি উসকে দেওয়া, বিভিন্ন খাতে অপ্রয়োজনীয় অর্থ ব্যয় ও অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে।
বুধবারের সভায় উপস্থিত সদস্যরা অনিয়ম ও দুর্নীতির বিষয়গুলো তুলে ধরে বক্তব্য দেন। এরপর সবার সর্বসম্মতিক্রমে হোসনেয়ারা বেগমকে ওই পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
একই সঙ্গে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে উপাধ্যক্ষ খন্দকার আবু মোরছালিনকে দায়িত্ব দেওয়া হয়।
জানতে চাইলে হোসনেয়ারা বেগম গতকাল ্প্রথম আলোকে বলেন, পরিচালনা পরিষদের ওই সভায় তিনি উপস্থিত ছিলেন। সেখান থেকেই সভার সিদ্ধান্ত জানতে পেরেছেন।