কলেজের ভিপিকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জে কোটালীপাড়ায় ছাত্রলীগের দুই পক্ষের দ্বন্দ্বের জেরে শেখ লুৎফর রহমান কলেজের ভিপি উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাইনুল ইসলাম কুপিয়ে জখম করা হয়েছে। এ সময় প্রতিপক্ষের হামলায় দিদার দাড়িয়া (২৩) নামের আরেক তরুণ আহত হন।
গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে কোটালীপাড়া উপজেলার কুশলা জোড়া সেতুর কাছে এ ঘটনা ঘটে। আহত মাইনুল ইসলামকে প্রথম কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় কোটালীপাড়া শেখ লুৎফর রহমান কলেজের সাবেক সাধারণ সম্পাদক (জিএস), উপজেলা ছাত্রলীগের সহসভাপতি শামীম দাড়িয়াসহ ১৪ জনকে আসামি করে কোটালীপাড়া থানায় একটি মামলা করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই সিদ্দিকুর রহমান বলেন, দুই আসামিকে গ্রেপ্তার করে জেলার মুখ্য বিচারিক হাকিমের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
উপজেলা ছাত্রলীগ সূত্রে জানা গেছে, কোটালীপাড়ায় উপজেলা ছাত্রলীগ দুটি গ্রুপে বিভক্ত। তাদের এক অংশের নেতৃত্ব দেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান এবং অন্য অংশের নেতৃত্ব দেন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। মাইনুল ইসলাম সভাপতি ও শামীম দাড়িয়া সাধারণ সম্পাদকের গ্রুপে রয়েছেন।
ভিপি মাইনুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যায় কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ অফিসে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ জ্যেষ্ঠ নেতাদের সামনে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। পরে আওয়ামী লীগের নেতারা এটি মিটিয়ে দেন। রাতে আমি বাড়ি ফেরার সময় কুশলা জোড়া সেতুর কাছে শামীম দাড়িয়ার নেতৃত্বে একদল তরুণ আমার ওপর হামলা করে আমাকে কুপিয়ে জখম করে। আমাকে বাড়ি এগিয়ে দিতে আসা দিদারকেও তারা মারধর করে।’
অন্যদিকে, শামীম দাড়িয়া বলেন, ‘কোটালীপাড়ায় ছাত্রলীগের দুটি পক্ষের মধ্যে বিরোধ নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন সভা ডাকেন। সেখানে উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দুই সমর্থকের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। রাতে বাড়ি ফেরার সময় সভাপতির সমর্থক ভিপি কুশলা জোড়া সেতুর কাছে এলে তাঁর সহযোগী দিদার আমাদের উদ্দেশ করে গালি দেয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।’