কলেজের মাঠে বাণিজ্য মেলা, জুয়া খেলার অভিযোগ
মাগুরা আইডিয়াল টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের মাঠে বাণিজ্য মেলা বসেছে। খোদ কলেজ কর্তৃপক্ষ এ মেলার আয়োজন করেছে। মেলার কারণে ক্লাসের সময় এক ঘণ্টা কমিয়ে দেওয়া হয়েছে। এদিকে অভিযোগ উঠেছে, মেলায় জুয়া খেলা হচ্ছে।
মাগুরা পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের আবদালপুর এলাকায় ১০ জানুয়ারি থেকে শুরু হয়েছে বাণিজ্য মেলা। গতকাল দেখা যায়, মাগুরা আইডিয়াল টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজের পুরো মাঠ ঘিরে দোকান, র্যাফল ড্র মঞ্চ ও সার্কাসের তাঁবু।
কলেজের অধ্যক্ষ নাসিরুল ইসলাম বলেন, ২০০২ সালে তাঁদের কলেজটি প্রতিষ্ঠিত হয়। এখন এটা এমপিওভুক্ত প্রতিষ্ঠান। এখানে স্কুল শাখায় ১২০ জন আর কলেজ শাখায় ৩২০ জন শিক্ষার্থী রয়েছে। এদের ৪০ জন এবারের এসএসসি পরীক্ষার্থী। বাকি শিক্ষার্থীদের ক্লাস চলছে।
অধ্যক্ষ বলেন, তাঁদের কলেজের উন্নয়ন কর্মকাণ্ডের টাকা জোগাড় করার জন্য এই বাণিজ্য মেলার আয়োজন করা হয়েছে। তিনি জেলা প্রশাসকের কাছে এই মেলার আবেদন করেন। তাঁর আবেদনে বাণিজ্য মেলার অনুমোদন দেওয়া হয়েছে। তাঁরা মেলার পাশাপাশি সার্কাস আর র্যাফল ড্রর আয়োজন করেছেন। তিনি বলেন, বেলা তিনটা থেকে মেলা শুরু হয়। তাঁদের কলেজ চলে সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত।
কলেজের শিক্ষার্থীরা অভিযোগ করেন, তাঁদের ঠিকমতো ক্লাস হচ্ছে না। মেলার জন্য তাঁদের ক্লাসের সময় এক ঘণ্টা কমিয়ে দেওয়া হয়েছে। সাধারণত তাঁদের দুপুর দুইটা পর্যন্ত ক্লাস হয়।
অধ্যক্ষ নাসিরুল বলেন, তাঁদের কলেজে কোনো পরীক্ষাকেন্দ্র নেই। ফলে শিক্ষার্থীদের কোনো সমস্যা হচ্ছে না। আর এক ঘণ্টা ক্লাস কমিয়ে আনা হলেও পড়াশোনার কোনো ক্ষতি হচ্ছে না।
এদিকে স্থানীয়রা অভিযোগ করেছেন, এখানে বাণিজ্য মেলার নামে জুয়ার আসর বসানো হয়েছে। লোভনীয় পুরস্কারের কথা বলে টিকিট বিক্রি করা হচ্ছে। ২০ টাকা করে এই টিকিট বিক্রি চলছে। প্রতিদিন কমপক্ষে ৫০টি যানবাহনে জেলার চারটি উপজেলায় টিকিট বিক্রি করা হচ্ছে। এ ছাড়া ছোট ছোট বাজারে দোকান বসিয়ে টিকিট বিক্রি চলছে। প্রতিদিন ১০ লাখ থেকে ১৫ লাখ টাকার টিকিট বিক্রি হচ্ছে বলে মেলার সঙ্গে জড়িত এক ব্যক্তি জানিয়েছেন।
একাধিক অভিভাবক নাম প্রকাশ না করে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে মেলার নামে জুয়ার আসর বসানো দুঃখজনক। এই মেলার কারণে তাঁদের সন্তানদের পড়ালেখার ক্ষতি হচ্ছে। কলেজ কর্তৃপক্ষ এ বিষয়ে উদাসীন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজমুল হক বলেন, তিনি বিষয়টি সম্পর্কে খোঁজ নেবেন। শিক্ষার্থীদের পড়ালেখার ক্ষতি করে এ রকম মেলা চললে তাঁরা ব্যবস্থা নেবেন।