কলেজের শিক্ষক লাঞ্ছিত অধ্যক্ষের বিরুদ্ধে জিডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাফা ডিগ্রি কলেজের অধ্যক্ষ কয়েকজন ছাত্রকে দিয়ে ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক বাদশা মিয়াকে লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত শুক্রবার ওই শিক্ষক অধ্যক্ষের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
মঠবাড়িয়া থানার ওসি নাসির উদ্দিন মল্লিক বিষয়টি তদন্তের জন্য কলেজের ব্যবস্থাপনা কমিসটির সদস্য, শিক্ষক ও দুজন পুলিশ কর্মকর্তার সমন্বয়ে তদন্ত কমিটি গঠন করেন।
পুলিশ ও কলেজের কয়েকজন শিক্ষকের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় কলেজসংলগ্ন মুন্সীবাড়ির মসজিদের সামনে শিক্ষক বাদশা মিয়াকে কয়েকজন ছাত্র লাঞ্ছিত করে। এইচএসসি পরীক্ষা কেন্দ্রের স্থান নিয়ে কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদের সঙ্গে প্রভাষক বাদশা মিয়ার মতবিরোধ রয়েছে।
কলেজের প্রভাষক শাকিল আহমেদ অভিযোগ করেন, সাফা ডিগ্রি কলেজের পরীক্ষা কেন্দ্রের স্থান তুষখালী মাধ্যমিক বিদ্যালয় থেকে স্থানান্তর করে মঠবাড়িয়া সরকারি কলেজে নেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কলেজের অধ্যক্ষকে মৌখিক নির্দেশ দেন। এ ঘটনায় অধ্যক্ষ ইউএনওকে প্রভাবিত করার জন্য বাদশা মিয়াকে সন্দেহ করেন এবং ছাত্রদের দিয়ে তাঁকে লাঞ্ছিত করান। তুষখালীর বিদ্যালয়ে কেন্দ্রের স্থান থাকার সময় অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ আছে বলে এ সময় জানা যায়।
অভিযোগ অস্বীকার করে হারুন অর রশিদ বলেন, ‘বাদশা মিয়াকে লাঞ্ছিত করার সময় আমি মঠবাড়িয়ায় ছিলাম। কোন ছাত্র কী করেছে, আমি এর কিছুই জানি না।’