কলেজের ১১ গাছ কেটে নেওয়ার অভিযোগ
রাজশাহী নগরের মতিহার থানার খড়খড়ি পুড়াপুকুর এলাকায় অবস্থিত কবি কাজী নজরুল ইসলাম কলেজের ১১টি কড়ইগাছ কেটে ফেলা হয়েছে। স্থানীয় হারুন অর রশিদ গত মঙ্গলবার রাতে এগুলো কেটে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, বুধবার রাতে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোজাম্মেল হোসেন থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে হারুন অর রশিদ এবং তাঁর দুই ছেলে এরশাদ ও সেলিমের নাম উল্লেখ করা হয়েছে। অভিযোগটি সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে গ্রহণ করা হয়েছে।
ওসি আলমগীর হোসেন বলেন, কলেজের ১০ শতাংশ জমি নিয়ে স্থানীয় হারুন অর রশিদ নামের এক ব্যক্তির সঙ্গে বিরোধ রয়েছে। এ নিয়ে আদালতে মামলা চলছে। এ কারণে আসামিদের গ্রেপ্তারে আদালতের আদেশ প্রয়োজন।
হারুন অর রশিদ দাবি করেন, গাছগুলো তাঁর নিজের জমিতে পড়েছে। এ কারণে তিনি সেগুলো কেটে নিয়েছেন। কলেজ কর্তৃপক্ষ জমিটি কিনে নিতে চেয়েছিল। এ জন্য তিন মাসের সময় নিয়েও কলেজ কর্তৃপক্ষ টাকা দিতে পারেনি।
এ ব্যাপারে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোজাম্মেল হোসেন বলেন, ১৯৯৯ সালে কলেজের সীমানার ভেতরে ১৩টি গাছ লাগানো হয়। এর মধ্যে ১১টি গাছ রাতের অন্ধকারে কেটে ফেলা হয়েছে। এগুলোর মূল্য লক্ষাধিক টাকা। গাছ কাটার সময় স্থানীয় হারুন অর রশিদ ও তাঁর দুই ছেলে সেখানে উপস্থিত ছিলেন বলে কলেজের নিরাপত্তাকর্মী আবদুর রাজ্জাক তাঁদের জানিয়েছেন। এ কারণে অভিযোগে তাঁদের নাম উল্লেখ করা হয়েছে।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ দাবি করেন, সম্প্রতি স্থানীয় হারুন অর রশিদ কলেজের ভেতরের ১০ শতাংশ জমি নিজের বলে দাবি করে আদালতে মামলা করেন। এর পর থেকে ওই জমি দখলের জন্য তাঁরা বিভিন্নভাবে হুমকি-ধমকিও দিয়ে আসছেন।