কলের লাঙল দিয়ে কাঁচা ধান নষ্ট করল প্রতিপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিটু হোসেন নামের এক কৃষককে আটকে রেখে কলের লাঙল দিয়ে তাঁর ২২ শতক জমির ধানগাছ নষ্ট করার অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার সন্ধ্যায় ঝিনাইদহের ভোমরাডাঙ্গা গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। লিটুর বাড়ি মাগুরা সদর উপজেলার রামনগর গ্রামে।
লিটু হোসেন গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ভোমরাডাঙ্গা গ্রামের মাঠে এক দাগে তাঁদের দাদার নামে ৪৫ শতক জমি ছিল। এর মধ্যে তাঁর বাবা গোলাম মোস্তফার পাওনা ও বোনদের কাছ থেকে ক্রয় করা মিলিয়ে তাঁদের দখলে আছে ২২ শতক। আর তাঁর চাচাদের দখলে রয়েছে ২৩ শতক জমি। নিজেদের দখলে থাকা ২২ শতক জমিতে তাঁরা দুই ভাই ধান রোপণ করেন। ধানগাছগুলো দুই ফুটের বেশি লম্বা হয়। গাছে গাছে মোচা আসে। এ অবস্থায় বুধবার সন্ধ্যায় তাঁরই চাচাতো ভাইয়েরা কলের লাঙল দিয়ে খেতে চাষ দেন। তিনি বলেন, খবর পেয়ে তিনি খেতে ছুটে যান। কিন্তু তাঁকে আটকে রেখে সব ধান নষ্ট করে দেওয়া হয়। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
ঝিনাইদহ সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান বলেন, তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।