রাজধানীর কল্যাণপুরে আইনশৃঙ্খলা বাহিনীর ঝোড়ো অভিযানে নিহত আবদুল্লাহর সহযোগী আলমগীর হোসেন (২৩) জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। এ ছাড়া তিনি আবদুল্লাহর ঘনিষ্ঠ সহযোগী বলেও আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
আজ বৃহস্পতিবার বিকেলে দিনাজপুরের আমলি আদালত-৬-এর মুখ্য বিচারিক হাকিম গোপাল চন্দ্রের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন আলমগীর হোসেন। মামলার তদন্তকারী কর্মকর্তা দিনাজপুর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) বজলুর রশীদ প্রথম আলোকে এসব কথা জানান।
আবদুল্লাহর বাড়ি দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বল্লভপুর গ্রামে। গত মঙ্গলবার ভোরে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বল্লভপুর গ্রামে নিজ বাড়ি থেকে আলমগীরকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাবার নাম দুরুল হুদা।
এসআই বজলুর রশীদ প্রথম আলোকে বলেন, আলমগীর হোসেন নিহত আবদুল্লাহর অন্যতম সহযোগী। তিনি বলেন, পুলিশের কাছে তথ্য ছিল, কল্যাণপুরে অন্য জঙ্গিদের সঙ্গে আবদুল্লাহ নিহত হওয়ার প্রতিশোধ নিতে বল্লভপুরে আলমগীরের বাড়িতে বৈঠক হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার ভোরে নবাবগঞ্জ থানার পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে আলমগীরকে গ্রেপ্তার করে। এ সময় অন্যরা পালিয়ে যায়। পরে আলমগীরের তথ্য অনুযায়ী, তাঁর বাড়ি থেকে ছয়টি ককটেল ও দুটি হাঁসুয়া উদ্ধার করা হয়। ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করে। মামলাটি তৎক্ষণাৎ গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।
এসআই বজলুর রশীদ আরও বলেন, এ ঘটনায় উপপরিদর্শক আহসানুর রহমান বাদী হয়ে গত মঙ্গলবার আলমগীর হোসেনসহ পাঁচ-ছয়জনকে আসামি করে নবাবগঞ্জ থানায় মামলা করে। মামলাটি ওই দিনই দিনাজপুর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আলমগীরকে ওই দিন বিকেলে আদালতে নিয়ে সাত দিনের রিমান্ড চাইলে আমলি আদালত-৬-এর মুখ্য বিচারিক হাকিম গোপাল চন্দ্র তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে আজ দুপুরে আদালতে নিয়ে গেলে আলমগীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দি শেষে আলমগীরকে দিনাজপুর জেলহাজতে পাঠানো হয়েছে বলে বজলুর রশীদ জানান।
আরও পড়ুন: