কল্যাণপুর বস্তি উচ্ছেদে বাধা সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বুলডোজার ও পে-লোডার নিয়ে অভিযান চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে পোড়া বস্তি। গতকাল দুপুরে কল্যাণপুরে l ছবি: আবদুস সালাম
বুলডোজার ও পে-লোডার নিয়ে অভিযান চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে পোড়া বস্তি। গতকাল দুপুরে কল্যাণপুরে l ছবি: আবদুস সালাম

কল্যাণপুর পোড়া বস্তি উচ্ছেদকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার সকালে পুলিশের সঙ্গে ওই বস্তির বাসিন্দাদের কয়েক দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এতে কয়েকজন আহত হন। পরে দুপুরে হাইকোর্ট ওই বস্তি উচ্ছেদ কার্যক্রমে তিন মাসের নিষেধাজ্ঞা দিলে আংশিক উচ্ছেদ করেই ফিরে যায় হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট কর্তৃপক্ষ।
সকাল সাড়ে নয়টার দিকে পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের কর্মকর্তারা। তাঁরা বস্তির বাসিন্দাদের মালপত্র সরিয়ে নিতে দুই ঘণ্টা সময় দেন। বেলা পৌনে ১১টার দিকে বস্তির কয়েক শ বাসিন্দা লাঠিসোঁটা নিয়ে বস্তির একটি প্রবেশপথে অবস্থান নেন। তাঁরা সেখানে বিভিন্ন জিনিসপত্র জড়ো করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। কিছু দূরে তখন অবস্থান করছিলেন বুলডোজার, পে-লোডার নিয়ে উচ্ছেদ অভিযান চালাতে আসা কর্মকর্তা ও পুলিশ সদস্যরা। বস্তির বাসিন্দারা একপর্যায়ে অভিযানকারীদের দিকে ইটপাটকেল ছোড়েন। পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে।
বস্তির কমিউনিটি বেসড অর্গানাইজেশনের (সিবিও) সাধারণ সম্পাদক মো. হান্নান আকন্দ প্রথম আলোকে বলেন, ‘বস্তি উচ্ছেদের কার্যক্রমে আদালত স্থগিতাদেশ দিয়েছেন। তারপরও কিছু বহিরাগত নিয়ে জোর করে বস্তি উচ্ছেদের চেষ্টা করায় বাসিন্দারা রুখে দাঁড়িয়েছেন। কোনো ধরনের পুনর্বাসন ছাড়া এভাবে বস্তি উচ্ছেদ আমরা মেনে নেব না।’
দুপুর ১২টার দিকে উচ্ছেদকারীরা আরেকটি প্রবেশপথ দিয়ে বস্তিতে যাওয়ার চেষ্টা করেন। সেখানেও তাঁরা বাধার মুখে পড়েন। সেখানে পুলিশের সঙ্গে বস্তির বাসিন্দাদের কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়া হয়। এসব ঘটনায় পুলিশের এক সদস্যসহ কয়েকজন আহত হন।
ওই সময় বস্তির সামনের দিকে হাউস বিল্ডিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের জায়গায় গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা (নিউ নতুনবাজার মার্কেট) উচ্ছেদ করে কর্তৃপক্ষ। পরে বস্তিরও কিছু স্থাপনা উচ্ছেদ করা হয়।
উচ্ছেদ অভিযান পরিচালনা করা নির্বাহী ম্যাজিস্ট্রেট নুর আলম বলেন, আদালতের স্থগিতাদেশ-সংক্রান্ত কোনো আদেশের কাগজপত্র তাঁদের কাছে আসেনি। উচ্ছেদের বিষয়ে বস্তির বাসিন্দাদের বারবার বলা হয়েছে। সময় দেওয়া হয়েছে। এরপর তাঁরা বস্তি উচ্ছেদ করতে এসেছেন।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভূঁইয়া মাহাবুব হাসান প্রথম আলোকে বলেন, উচ্ছেদ শুরুর আগেই বস্তিবাসী পুলিশের ওপর হামলা চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে। কিছুক্ষণ পর অবস্থা নিয়ন্ত্রণে এলে উচ্ছেদ অভিযান শুরু হয়।
এদিকে দুপুরে ওই বস্তি উচ্ছেদ কার্যক্রমে তিন মাসের নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট। একই সঙ্গে যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া ওই বস্তিবাসীদের উচ্ছেদ ও হয়রানি না করারও নির্দেশ দেন আদালত। হাইকোর্টের নিষেধাজ্ঞার পর বেলা তিনটার দিকে উচ্ছেদ অভিযান বন্ধ করে ফিরে যান উচ্ছেদকারীরা।
মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) একটি আবেদনের শুনানি শেষে বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ড. কামাল হোসেন ও সারা হোসেন। সঙ্গে ছিলেন আবু ওবায়দুর রহমান। হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের পক্ষে ছিলেন এ কে এম আসিফুল হক। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল এ আর এম হাসানুজ্জামান।
সারা হোসেন প্রথম আলোকে বলেন, ১০ জানুয়ারি মন্ত্রণালয় আবার ওই জমিতে উচ্ছেদ চালাতে পুলিশ চেয়ে চিঠি দেয়। এরপর রিট আবেদনকারীরা হাইকোর্টে সম্পূরক আবেদন করেন। গতকাল শুনানি শেষে আদালত উচ্ছেদ কার্যক্রমের ওপর তিন মাসের নিষেধাজ্ঞা দেন। মন্ত্রণালয়, পুলিশের মহাপরিদর্শক, হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট ও ঢাকার মহানগর হাকিমকে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।
ওই বস্তিতে উচ্ছেদ অভিযানের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে আসক। আসকের নির্বাহী পরিচালক সুলতানা কামাল স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, কোনো রকম পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদের ঘটনা নির্মম। বস্তি উচ্ছেদে আদালতের স্থগিতাদেশ ও সুস্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও বস্তি উচ্ছেদ শুরুর ঘটনা উদ্বেগজনক।