নিহত আরেক 'জঙ্গি' মাদ্রাসার ছাত্র, বাড়ি রংপুরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কল্যাণপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে নিহত আরেক ‘জঙ্গির’ পরিচয় মিলেছে। তাঁর নাম রায়হান কবির। বাড়ি রংপুরের পীরগাছায়। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত ব্রিফিংয়ে এ কথা জানান পুলিশের কাউন্টার টেরোরিজমের প্রধান মনিরুল ইসলাম। তিনি জানান, রায়হানের বাবার নাম শাহজাহান কবির।
স্থানীয় পুলিশ বলছে, রায়হান মাদ্রাসার ছাত্র ছিলেন। দেড় বছর আগে পরিবারের সঙ্গে রাগারাগি করে বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন। ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করতেন। রায়হানকে নিয়ে মোট আটজন ‘জঙ্গির’ পরিচয় মিলল।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, রায়হানের বাড়ি পীরগাছার ইটাকুমারী ইউনিয়নের পশুয়া টাঙ্গাইলপাড়া গ্রামে। ২০১৩ সালে তিনি ওই ইউনিয়নের দামুড়চাকলা এলাকায় দেওয়ান সালেহ আহম্মেদ মাদ্রাসা থেকে দাখিল পাস করেন।

রায়হানের মা রাহেলা বেগমের বরাত দিয়ে ওসি আমিনুল বলেন, তিন মাস আগে অসুস্থ মাকে দেখতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রায়হান গিয়েছিলেন। দেড় বছর আগে পরিবারের সঙ্গে রাগারাগি করে রায়হান বাড়ি থেকে বের হয়ে যান। পরে ফোনে মাকে জানান, ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করেন। কারখানার নাম জানাননি। গত এপ্রিল মাসে মায়ের সঙ্গে দেখা করতে আসেন। দুই ভাই, দুই বোনের মধ্যে তিনি সবার ছোট। বাড়ি ছেড়ে চলে যাওয়ার ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি।

ঢাকায় ব্রিফিংয়ে মনিরুল ইসলাম বলেন, গতকাল বুধবার রাতে তাঁরা রায়হানের পরিচয়ের বিষয়ে নিশ্চিত হয়েছেন। নির্বাচন কমিশনের ডেটাবেইস থেকে ‘জঙ্গিদের’ পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাঁরা সবাই দুই বছর বা দুই বছর তিন থেকে চার মাস আগে বাড়ি ছেড়ে চলে যান। ‘জঙ্গিদের’ ভাষায় ‘হিজরত’ করেন। তিনি বলেন, নিহত যে আট ‘জঙ্গির’ পরিচয় মিলেছে, এর মধ্যে তিনজন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। একজন পাস করে বেরিয়ে গিয়েছিলেন। দুজন পড়ছিলেন। তিনজন মাদ্রাসার ছাত্র, একজন স্বল্পশিক্ষিত ও একজন নোয়াখালী সরকারি কলেজে পড়তেন।

ঝোড়ো অভিযানে নিহত নয় ‘জঙ্গি’র মধ্যে তিনজন ছিলেন ঢাকার বাসিন্দা। অন্যদের বাড়ি দিনাজপুর, পটুয়াখালী, সাতক্ষীরা ও নোয়াখালী। ডিএমপি গতকাল রাতে তাঁদের পরিচয় জানিয়ে জাতীয় পরিচয়পত্রের ছবি ও তথ্য প্রকাশ করেছে।

ঢাকার তিন বাসিন্দা হলেন শেহজাদ রউফ ওরফে অর্ক, তাজ-উল-হক রাশিক ও আকিফুজ্জামান খান। মার্কিন নাগরিক ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শেহজাদ ছিলেন গুলশানে হামলাকারী নিহত নিবরাস ইসলামের বন্ধু।


আরও পড়ুন: