কল্যাণপুরে নিহত এক জঙ্গির পরিচয় এখনো পাওয়া যায়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কল্যাণপুরে গত মঙ্গলবার পুলিশের ঝোড়ো অভিযানে নিহত নয় জঙ্গির একজনের পরিচয় গতকাল শুক্রবার পর্যন্ত পাওয়া যায়নি। নয়জনেরই লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গের হিমঘরে রাখা হয়েছে। তাঁদের একজন নোয়াখালীর মো. জোবায়ের হোসেনের (২০) লাশ নেবে না বলে জানিয়েছে তাঁর পরিবার।

>*জোবায়েরের লাশ নেবে না পরিবার
* ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ

নিহত ওই নয় জঙ্গি মাদক গ্রহণ করেছিলেন কি না, তা নির্ণয়ের জন্য তাঁদের রক্ত ও পাকস্থলীর ভিসেরা পরীক্ষার জন্য মহাখালীর রাসায়নিক পরীক্ষাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া তাঁদের শরীর থেকে রক্ত, ঊরুর মাংসপেশি ও চুলের নমুনা সংগ্রহ করা হয়েছে ডিএনএ পরীক্ষার জন্য। ওই নয়জনের মধ্যে পরিচয় শনাক্ত হওয়া আটজন হলেন আবদুল্লাহ, আবু হাকিম নাইম, আকিফুজ্জামান খান, তাজ-উল হক রাশিক, শেহজাদ রউফ অর্ক, মো. মতিয়ার রহমান, জোবায়ের হোসেন ও রায়হান কবির।
জঙ্গিদের লাশের ময়নাতদন্ত সম্পন্নকারী ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক সোহেল মাহমুদ গতকাল প্রথম আলোকে বলেন, ভিসেরা প্রতিবেদন পাওয়া গেলে জানা যাবে জঙ্গিরা মাদক নিয়েছিলেন কি না। পরিচয় নিশ্চিত হতে তাঁদের চুল, মাংসপেশি ও রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে। এসব নমুনা মামলা তদন্তের সঙ্গে সম্পৃক্ত পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের কাছে হস্তান্তর করা হয়েছে।
মামলার তদন্ত তদারক কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের অতিরিক্ত উপকমিশনার আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, সংগৃহীত নমুনা সিআইডির পরীক্ষাগারে ডিএনএ করাতে অনুমতি চেয়ে কাল রোববার আদালতে আবেদন করা হবে। অনুমোদন পেলে সংগৃহীত নমুনাগুলো সিআইডির পরীক্ষাগারে পাঠানো হবে।
তদন্ত-সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, জঙ্গিদের অভিভাবকত্ব নির্ণয়ের জন্য তাঁদের মা-বাবা কিংবা স্বজনদেরও ডিএনএ করা হবে। ইতিমধ্যে সাতক্ষীরা থেকে জঙ্গি মতিয়ার এবং দিনাজপুর থেকে আবদুল্লাহর মা-বাবা লাশ নিতে তদন্তকারীদের সঙ্গে জন্য যোগাযোগ করেছেন। গতকাল তাঁদের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। প্রয়োজনে জঙ্গিদের নমুনা বিদেশে ডিএনএ পরীক্ষা করতে পাঠানো হতে পারে। লাশ নিতে তদন্তকারীদের কাছে স্বজনদের আবেদন করতে হবে।
কল্যাণপুরের ওই বাড়িতে গতকালও কাউকে ঢুকতে দেওয়া হয়নি। বাড়ির সামনের রাস্তা দিয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বাড়ির সামনে ও দুপাশে পুলিশের পাহারা রয়েছে। মিরপুর থানার পুলিশ বলেছে, বিভিন্ন সংস্থার কর্মকর্তারা এখান থেকে আলামত সংগ্রহ করছেন। তা শেষ না হওয়া পর্যন্ত ওই বাড়ির বাসিন্দাদের ভেতরে ঢুকতে দেওয়া হবে না।
জোবায়েরের লাশ নেবে না পরিবার: প্রথম আলোর নোয়াখালী অফিস জানায়, জঙ্গি জোবায়েরের গ্রামের বাড়ি নোয়াখালী সদর উপজেলার কাদিরহানিফ ইউনিয়নের পশ্চিম মাইজদী গ্রামে।
গতকাল বিকেলে মুঠোফোনে জোবায়েরের বাবা আবদুল কাইয়ুম প্রথম আলোকে বলেন, ছেলের লাশ গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ছেলেকে ভুল বুঝিয়ে জঙ্গি বানানো হয়েছে। ছেলের নিখোঁজ হওয়ার জন্য তিনি তাঁর ভাতিজা খালেদ মো. আলী ওরফে বাহাদুরকে দায়ী করেন।
কাইয়ুম বলেন, গণমাধ্যম ও ফেসবুকে ছবি দেখে নিখোঁজ জোবায়েরের মৃত্যুর বিষয়টি অনেকটাই নিশ্চিত হয়েছিলেন তিনি। এরপর সুধারাম থানার এক কনস্টেবলের সহায়তায় তিনি ছেলের লাশ দেখতে ঢাকায় প্রথমে ডিবি কার্যালয়ে যান। সেখানকার কর্মকর্তারা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে না থাকায় ও আইনি প্রক্রিয়া শেষ না হওয়ায় ছেলের লাশ দেখতে পারেননি। ডিবির কর্মকর্তারা তাঁকে বলেছেন, আইনি প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার পর তাঁকে খবর দেওয়া হবে। তখন জাতীয় পরিচয়পত্র ও ছবি সঙ্গে নিয়ে যেতে বলেছেন। বৃহস্পতিবার তিনি ঢাকা থেকে বাড়ি ফিরেছেন।