কল্যাণপুরে পোশাককর্মীর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর কল্যাণপুর এলাকার নিজ বাসা থেকে তানিয়া (২৪) নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে দুই নম্বর সড়কের ২৮ নম্বর বাড়ি থেকে ফাঁস লাগানো অবস্থায় পুলিশ লাশটি উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, তানিয়া একজন পোশাককর্মী ছিলেন। তাঁর স্বামী আবুল কালাম আজাদ একজন রিকশা চালক। তানিয়া আজাদের দ্বিতীয় স্ত্রী ছিলেন। পুলিশের ধারণা, দাম্পত্য কলহের জের ধরে তানিয়া আত্মহত্যা করে থাকতে পারেন।
মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) শাহজাহান আলী প্রথম আলোকে বলেন, তাঁরা সকাল ১১টার দিকে খবর পেয়ে লাশ উদ্ধার করতে যান।
শাহজাহান আলী বলেন, ঘরের দরজা ভেঙে গলায় রশি প্যাঁচানো অবস্থায় তানিয়ার মৃতদেহ উদ্ধার করা হয়। পরে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ তানিয়ার স্বামী আজাদকে জিজ্ঞাসাবাদ করছে।