কল্যাণপুর বস্তি উচ্ছেদকে কেন্দ্র করে উত্তেজনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর কল্যাণপুর পোড়া বস্তি উচ্ছেদ করতে গেলে প্রতিরোধ সৃষ্টি করেন বস্তির বাসিন্দারা। ছবি: আবদুস সালাম
রাজধানীর কল্যাণপুর পোড়া বস্তি উচ্ছেদ করতে গেলে প্রতিরোধ সৃষ্টি করেন বস্তির বাসিন্দারা। ছবি: আবদুস সালাম

রাজধানীর কল্যাণপুর পোড়া বস্তি উচ্ছেদ করাকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার পুলিশের সঙ্গে বস্তির বাসিন্দাদের কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন।

কর্তৃপক্ষ সকালে অভিযানে গেলেও বাধার মুখে দুপুর দুইটা পর্যন্ত তারা বস্তি উচ্ছেদ করতে পারেনি। তবে বস্তির সামনে গড়ে ওঠা অবৈধ স্থাপনা (নিউ নতুনবাজার মার্কেট) উচ্ছেদ করছে কর্তৃপক্ষ।

বস্তি উচ্ছেদের ব্যাপারে পূর্বঘোষণা অনুযায়ী, সকাল সাড়ে নয়টার দিকে পুলিশ নিয়ে ঘটনাস্থলে যায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট কর্তৃপক্ষ। তারা বস্তির বাসিন্দাদের মালপত্র সরিয়ে নিতে দুই ঘণ্টা সময় বেঁধে দেয়। এর মধ্যে বস্তির বাসিন্দারা সংগঠিত হন।

বেলা পৌনে ১১টার দিকে বস্তির কয়েক শ বাসিন্দা লাঠিসোঁটা নিয়ে বস্তির একটি প্রবেশপথে অবস্থান নেন। তাঁরা সেখানে বিভিন্ন জিনিসপত্র জড়ো করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান।

উচ্ছেদ-অভিযান চালাতে আসা কর্তৃপক্ষের লোকজন ও বিপুলসংখ্যক পুলিশের উপস্থিতি বস্তির বাসিন্দাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে। একপর্যায়ে তাঁরা ইটপাটকেল ছোড়েন। পুলিশ ছোড়ে কাঁদানে গ্যাসের শেল।

দুপুর ১২টার দিকে আরেকটি প্রবেশপথ দিয়ে বস্তিতে যাওয়ার চেষ্টা করে পুলিশ। সেখানেও তারা বাধার মুখে পড়ে। সেখানে পুলিশের সঙ্গে বস্তির বাসিন্দাদের কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়া হয়। এসব ঘটনায় পুলিশের এক সদস্যসহ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

বস্তির কমিউনিটি বেসড অর্গানাইজেশনের (সিবিও) সাধারণ সম্পাদক মো. হান্নান আকন্দ প্রথম আলোকে বলেন, বস্তি উচ্ছেদের কার্যক্রমে আদালত স্থগিতাদেশ দিয়েছেন। তারপরেও জোর করে বস্তি উচ্ছেদের চেষ্টা করায় বাসিন্দারা রুখে দাঁড়িয়েছেন।

উচ্ছেদ-অভিযান চালাতে যাওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর আলম বলেন, আদালতের স্থগিতাদেশ-সংক্রান্ত কোনো আদেশের কাগজপত্র তাঁদের কাছে আসেনি। উচ্ছেদের বিষয়ে বস্তির বাসিন্দাদের বারবার বলা হয়েছে। সময় দেওয়া হয়েছে। এরপর আজ সকালে তাঁরা বস্তি উচ্ছেদ করতে এসেছেন।

বস্তি ভেঙে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে গতকাল বুধবার দুপুরে মানববন্ধন করেন বস্তির বাসিন্দারা। তাঁদের ভাষ্য, বস্তি উচ্ছেদের ব্যাপারে আদালতের স্থগিতাদেশ আছে। তা সত্ত্বেও কর্তৃপক্ষ আজ-কালের মধ্যে বস্তিটি ভেঙে দেবে বলে তাঁদের জানায়। মালপত্র সরিয়ে নিতে কর্তৃপক্ষের বেঁধে দেওয়া দুই দিন সময় গতকাল বুধবার শেষ হয়েছে। আজ সকালে কর্তৃপক্ষ বস্তি উচ্ছেদ করতে আসে।

আইন ও সালিশ কেন্দ্রের আইনজীবী অবন্তী নুরুল গতকাল প্রথম আলোকে বলেন, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের জায়গায় বস্তিটি অবস্থিত। এখানে প্রায় ২০ হাজার মানুষ বাস করে। সরকার বস্তিটি উচ্ছেদের চেষ্টা করলে রিট হয়। এর পরিপ্রেক্ষিতে আদালত স্থগিতাদেশ দেন।

বস্তির সামনে কল্যাণপুর নতুনবাজারে উচ্ছেদ-অভিযান চালাচ্ছে কর্তৃপক্ষ। ছবি: আবদুস সালাম
বস্তির সামনে কল্যাণপুর নতুনবাজারে উচ্ছেদ-অভিযান চালাচ্ছে কর্তৃপক্ষ। ছবি: আবদুস সালাম