কল্যাণপুরে মাথা, হাত-পাবিহীন লাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর কল্যাণপুর এলাকায় মাথা, হাত-পাবিহীন এক ব্যক্তির লাশ পাওয়া গেছে। আজ শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।
পুলিশের দারুস সালাম জোনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার (এসি) সৈয়দ মামুন মোস্তফা জানান, ময়নাতদন্তের জন্য লাশটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রথম আলোকে তিনি বলেন, দক্ষিণ কল্যাণপুরে বাস কাউন্টারগুলোর পাশে একটি গির্জা–সংলগ্ন সড়কে একটি লাগেজ পড়ে ছিল। এর মধ্যে লাশ ছিল। সকাল ১০টার দিকে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তির আনুমানিক বয়স ৩০ বছর হতে পারে। লাশের সঙ্গে মাথা, দুই হাত ও দুই পা ছিল না। ধারালো অস্ত্র দিয়ে এসব অঙ্গ বিচ্ছিন্ন করা হয়ে থাকতে পারে। লাশটি পচা-গলাও ছিল না। হত্যাকাণ্ডটি অতিসম্প্রতি ঘটেছে বলে মনে হচ্ছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।