কসবা ও নবীগঞ্জে সংঘর্ষে দুই এসআইসহ আহত ২০০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গতকাল শুক্রবার দুই পক্ষের সংঘর্ষে দুই এসআইসহ প্রায় ৫০ জন আহত হয়েছেন। এ সময় এক পক্ষ আরেক পক্ষের অর্ধশতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতঘর ভাঙচুর করেছে।
একই দিন হবিগঞ্জের নবীগঞ্জে অটোরিকশার স্ট্যান্ডের দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে দেড় শতাধিক মানুষ আহত হয়।
পুলিশ ও এলাকাবাসী জানান, কসবা পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের জ্যেষ্ঠ সহসম্পাদক সাদ্দাম হোসেনের ছবিসংবলিত একটি ফেস্টুন পাঁচ দিন আগে কে বা কারা ছিঁড়ে ফেলে। এ নিয়ে পরদিন আড়াইবাড়ি গ্রামের ইমন মিয়া, এনায়েত ও সাইফুল ইসলামের সঙ্গে সাদ্দামের কথা-কাটাকাটি হয়। গতকাল সকালে সাদ্দাম কসবা টি আলী কলেজ মাঠে ক্রিকেট খেলতে আসেন। এ সময় কসবা পৌর এলাকার আড়াইবাড়ি গ্রামের লোকজন তাঁকে কুপিয়ে গুরুতর জখম করে। এ খবর পেয়ে দুপুর ১২টায় আড়াইবাড়ি ও আকছিনা গ্রামের বাসিন্দারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। আকছিনা গ্রামের লোকজন আড়াইবাড়ি, কদমতলী ও কসবা নতুন বাজারের কমপক্ষে ৫০টি ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতঘর ভাঙচুর করেছে। এ ছাড়া তারা কদমতলী এলাকায় ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির ১০-১৫টি বৈদ্যুতিক মিটার ভাঙচুর করে।
বিকেল চারটায় ঘটনাস্থলে পৌঁছে উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুল হক ভুঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আরিফুল ইসলাম পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
দুই পক্ষের সংঘর্ষ চলাকালে ইটের আঘাতে আহত কসবা থানার উপপরিদর্শক (এসআই) শেখ হাফিজুর রহমান, আশরাফ কামাল, কনস্টেবল মো. শরীফ ও আমির হোসেনকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শামিম মিয়া, শরীফ, হৃদয়, জামাল উদ্দিন, সেলিম ভুঁইয়া, রাকিব মিয়া, রিমন মিয়া, এনায়েত ও খোকন মিয়াকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহত ব্যক্তিদের ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লাসহ আশপাশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার জাহিদ হাসান বলেন, রাবারের গুলি ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এই ঘটনায় থানায় কেউ মামলা করেনি।
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা বাজারে গতকাল শুক্রবার অটোরিকশার স্ট্যান্ড দখল নিয়ে স্থানীয় অটোরিকশার মালিক ফরহাদ পাঠানের সঙ্গে একই এলাকার শ্রমিকনেতা নুরুল আমিনের বচসা হয়। একপর্যায়ে সংঘর্ষের জড়িয়ে পড়েন তাঁরা। পরে ফরহাদের পক্ষÿনিয়ে কালিয়ারভাঙ্গা, পুনারগাঁও, দেবপাড়া, পাতাড়িয়া, চরগাঁও ও টুকচানপুর এবং নুরুল আমিনের পক্ষ নিয়ে শ্রীমতপুর, লহরপুর, সন্দলপুর, চাঁদপুর ও হরিপুর গ্রামের মানুষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। নবীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দিতে পারেনি। পরে হবিগঞ্জ জেলা সদর থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে এসে ১৭০টি রাবার গুলি এবং ১৫-২০টি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের দেড় শতাধিক মানুষ আহত হয়।
আহত ব্যক্তিদের মধ্যে আক্তার হোসেন ও বাছিত মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নবীগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ ১১ গ্রামের মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় গতকাল সন্ধ্যা পর্যন্ত থানায় মামলা হয়নি।