কসবায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের সৈয়দাবাদ গ্রামের বিলের জমি থেকে আজ রোববার দুপুরে অজ্ঞাত (৩৫) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, যুবকের গলায় রশি লাগানো ও পা দুটি বাঁধা ছিল।
ধারণা করা হচ্ছে কেউ তাঁকে হত্যা করে বিলে ফেলে রাখে। এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় লোকজন আজ সকালে জমিতে কাজ করতে গিয়ে একজন যুবকের লাশ দেখতে পান। খবর পেয়ে কসবা থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় কসবা থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ কামাল বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন।
কসবা থানার পরিদর্শক (তদন্ত) মো. মফিজ উদ্দিন ভূইয়া প্রথম আলোকে বলেন, যুবকের গলায় রশি দিয়ে বাঁধা। পা দুটিও বাঁধা রয়েছে। ধারণা করা হচ্ছে কয়েক দিন আগে কেউ তাঁকে খুন করে লাশ ফেলে রেখেছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে।