কসবায় আরেক শিশু ধর্ষণের শিকার, আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দ্বিতীয় শ্রেণির এক ছাত্রী (৮) ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সাইফুল ইসলাম নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে এক সপ্তাহের ব্যবধানে কসবায় দুই শিশু ধর্ষণের শিকার হলো।
পুলিশ ও শিশুটির পারিবারিক সূত্র জানায়, উপজেলার দুরুইল উত্তরপাড়া সমাজকল্যাণ কার্যালয়ের উত্তর পাশের মাঠে গত সোমবার রাতে ওয়াজ মাহফিলের আয়োজন করেন এলাকাবাসী। এ উপলক্ষে সেখানে কিছু খাবারের দোকান বসে। ওই দিন শিশুটির বাবা মাহফিলে চলে যান। রাত নয়টার দিকে সাইফুল শিশুটিকে মাহফিলের দোকান থেকে বরই কিনে দেওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর শিশুটিকে ধর্ষণ করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায়। বাড়ির লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে জঙ্গলে গিয়ে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। গুরুতর অবস্থায় ওই রাতেই তাকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও মঙ্গলবার তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
মঙ্গলবার সাইফুল ইসলামের বিরুদ্ধে কসবা থানায় মামলা করেন শিশুটির বাবা। রাতেই পুলিশ সাইফুলকে গ্রেপ্তার করে।
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের স্ত্রীরোগ বিশেষজ্ঞ ফৌজিয়া আক্তার বলেন, ধর্ষণের আলামত পাওয়া গেছে। রক্তক্ষরণের কারণে তার সুস্থ হতে সময় লাগবে।
এর আগে গত ২৪ ফেব্রুয়ারি কসবা পুরাতন বাজারে সাত বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়। ওই ঘটনায় মামলা হলেও পুলিশ অভিযুক্ত কিবরিয়াকে (১৮) এখনো গ্রেপ্তার করতে পারেনি।
কসবা থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, সাইফুলকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য ধর্ষণের ঘটনায় বগাবাড়ী গ্রামের কিবরিয়াকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।