কসবায় গৃহবধূকে ন্যাড়া করে হাত কেটে ফেলার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় এক গৃহবধূর (২৮) মাথা ন্যাড়া করে দিয়ে তাঁর দুই হাত কেটে বিচ্ছিন্ন করার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।
কসবা পৌর এলাকার বগাবাড়ি গ্রামে গত সোমবার ভোরে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় সোমবার রাতে ওই গৃহবধূর ভাশুর বাদী হয়ে কসবা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তাঁকে মুমূর্ষু অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গৃহবধূর স্বামী বিদেশে থাকেন। সোমবার ভোরে ঘুম থেকে উঠে তিনি প্রকৃতির ডাকে ঘরের বাইরে যান। এ সময় সেখানে ওত পেতে থাকা কয়েকজন দুর্বৃত্ত কাপড় দিয়ে তাঁর মুখ এবং হাত ও পা বেঁধে ফেলে।
পরে তারা তাঁর মাথার চুল কেটে ন্যাড়া করে দেয়। একপর্যায়ে তারা ধারালো ছুরি দিয়ে তার দুই হাতের কবজি কাটার চেষ্টা করে। এ সময় তাঁর শাশুড়ি প্রকৃতির ডাকে ঘর থেকে বাইরে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
পরে বাড়ির লোকজন তাঁকে আহতাবস্থায় কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠান।
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা এমরান হোসাইন বলেন, ওই গৃহবধূর দুই হাতে ধারালো অস্ত্রের গুরুতর আঘাত রয়েছে। অল্পের জন্য তাঁর হাতের রগগুলো কাটা যায়নি।
কসবা থানার উপপরিদর্শক (এসআই) মজিবুর রহমান বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’