কসবায় ডাকাত-আতঙ্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় একের পর এক ডাকাতির ঘটনা ঘটছে। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্কে বিরাজ করছে। গত চার দিনের ব্যবধানে নয়টি বাড়িতে ডাকাতি হয়েছে।
পুলিশের দাবি, এসব ডাকাতির ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ করেননি। তবে সজল মিয়া নামের এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ক্ষতিগ্রস্ত পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার মেহারী ইউনিয়নের চৌবেপুর গ্রামের পাঁচটি বাড়িতে গত শুক্রবার রাতে ২০-২৫ জনের একটি ডাকাত দল হামলা চালায়। এ সময় ডাকাতেরা ইউপি সদস্য নুরু মিয়ার বাড়ির দরজা ভেঙে ঘরে ঢুকে লোকজনকে বেঁধে রাখে। তারা ওই বাড়ি থেকে ৭০ হাজার টাকা, আট ভরি স্বর্ণালংকার, চারটি মুঠোফোন, কাপড়চোপড়, আলমারিতে রাখা দলিল ও কাগজপত্র লুট করে। সাব্বির আহাম্মদের বাড়ি থেকে ছয় ভরি স্বর্ণালংকার, চারটি মুঠোফোন, এক লাখ টাকা। রুখন উদ্দিনের বাড়ি থেকে ৬০ হাজার টাকা, তিন ভরি স্বর্ণালংকার, একটি মুঠোফোন ও অন্যান্য মালামাল। হুমায়ুন কবিরের বাড়ি থেকে পাঁচ হাজার টাকা, কিছু স্বর্ণালংকার, একটি মুঠোফোন এবং সৌদিপ্রবাসী হেবজু মিয়ার বাড়ি থেকে ৬০ হাজার টাকা, চারটি মুঠোফোন ও ছয় ভরি স্বর্ণালংকার ডাকাতেরা লুট করে নিয়ে যায়।
এদিকে গত মঙ্গলবার রাতে উপজেলার বায়েক ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের জয়দুল হোসেনের বাড়িতে একদল ডাকাত দরজা ভেঙে ঘরে ঢুকে লোকজনকে বেঁধে রাখে। এ সময় তারা ওই বাড়ি থেকে ১০ হাজার টাকা, সাত ভরি স্বর্ণালংকার, তিনটি মুঠোফোন ও অন্যান্য মালামাল লুট করে। ওই রাতে ডাকাতেরা পাশের বিল্লাল মিয়ার বাড়ি থেকেও দুই ভরি স্বর্ণালংকার, দুটি মুঠোফোন, ছয় হাজার টাকা লুট করে। একই দিন ডাকাত দল ওই ইউনিয়নের কোল্লাপাথর গ্রামের আক্তার হোসেনের বাড়ি থেকে তিনটি মুঠোফোন ও অন্যান্য মালামাল লুট করে। এ ছাড়া বিদ্যানগর গ্রামের স্কুলশিক্ষক তাজু মিয়ার বাড়িতেও হানা দেয় ডাকাতেরা। তবে ওই বাড়ির লোকজনের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যায়।
ইউপি সদস্য নুরু মিয়া বলেন, ‘ডাকাতেরা আমার সব নিয়ে গেছে। আমার সব শেষ হয়ে গেছে।’
বায়েক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন বলেন, একের পর এক ডাকাতির ঘটনায় আতঙ্কে রয়েছে সাধারণ মানুষ।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোর্সেদ জানান, ডাকাতির ঘটনা ঘটলেও থানায় কেউ কোনো অভিযোগ করেনি। পুলিশ ডাকাত দলের সদস্য সজলকে গ্রেপ্তার করেছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।